Mohammed B Rashid

প্যালেস্টাইনের রশিদ, ইস্টবেঙ্গলের প্রথম জয় উৎসর্গ করলেন পুজোয় মৃতদের

খেলা

জাতীয়তা আলাদা। ভাষা আলাদা। সংস্কৃতিও আলাদা। তবু শোকের ভাষা এক। প্যালেস্টাইনের ফুটবলার মহম্মদ রশিদের মন কাঁদছে কলকাতার জন্য। দুর্গাপুজোর উৎসবে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মৃতিতে ইস্টবেঙ্গলের আইএসএলে প্রথম জয় উৎসর্গ করতে চান তিনি। ফুটবলের মাঠে জয়ের আনন্দের মাঝেও তাই জায়গা করে নিল শোক।
চোরবাগানের দুর্গাপুজো দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গিয়েছে বিষাদে। সেই ঘটনায় ব্যথিত রশিদ। প্যালেস্টাইনের এই ফুটবলার কলকাতার মানুষের যন্ত্রণাকে অনুভব করেছেন নিজের মতো করে। সমাজমাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি লিখেছেন, “এবারের দুর্গাপুজোয় কলকাতায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মৃতির উদ্দেশে আমাদের মরসুমের প্রথম আইএসএল জয় উৎসর্গ করতে চাই।”
ইস্টবেঙ্গলের জয়ে স্বস্তি ফিরেছে লাল-হলুদ শিবিরে। মরসুমের শুরুটা ভাল হয়েছে। রশিদও চান, এই জয়কে পাথেয় করে আরও এগিয়ে যাক দল। লিখেছেন, ‘আইএসএল অভিযান শুরু করার ভাল উপায়। আশা করি, এই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের আরও উন্নত করতে পারব। জয় ইস্টবেঙ্গল।’
কিন্তু তাঁর পোস্টের আসল আবেগ অন্য জায়গায়। যে শহর তাঁকে আপন করে নিয়েছে, সেই শহরের মানুষের দুঃখে পাশে দাঁড়াতে চেয়েছেন তিনি। প্যালেস্টাইনের ফুটবলার হয়েও বাঙালির উৎসবের শোক তাঁকে ছুঁয়ে গিয়েছে। ফুটবল যে শুধু গোল আর জয়ের পরিসংখ্যান নয়, সীমানা পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোরও ভাষা, রশিদের বার্তায় যেন সেটাই আরও এক বার স্পষ্ট।

Comments :0

Login to leave a comment