অবরোধের ঘোষণার মধ্যেই তিনটি জাহাজ পার করেছে হরমুজ প্রণালি। তার মধ্যে একটি চীনের। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ‘উড়িয়ে দেওয়ার’ দিকে এগোয়নি আমেরিকার নৌবাহিনী।
আমেরিকার সংবাদমাধ্যম সরকারি সূত্রের উল্লেখ করে জানিয়েছে ইসলামাবাদে দ্বিতীয় পর্যায়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চাইছে ট্রাম্প প্রশাসন।
গত সোমবার রাত থেকে ‘হরমুজ প্রণালি’ অবরোধের ঘোষণা করেন আমেরিকার রাষ্ট্রপতি। ট্রাম্প হুমকি দিয়েছিলেন অবরোধ ভাঙতে এলে যে কোনও জলযানকে উড়িয়ে দেওয়া হবে। ইসলামাবাদে ইরানের সঙ্গে আলোচনা্কে নিষ্ফলা আখ্যা দিয়েছিল আমেরিকা।
তবে, ভারতীয় সময়ে, মঙ্গলবার আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স বলেছেন যে ‘আলোচনা পুরোপুরি বিফলে যায়নি’।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় চল্লিশ মিনিট ফোনে আলোচনা চালিয়েছেন ট্রাম্প।
ইরান ইসলামাবাদ বৈঠকের পর জানিয়েছিল যে আমেরিকা এমন দাবি করছে যে সার্বভৌমত্বের পক্ষে তা বিপজ্জনক। আমেরিকার সংবাদমাধ্যম বলছে ইরানকে পারমানবিক কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কুড়ি বছর স্থগিত রাখতে চাপ দিয়েছে আমেরিকা। ইরান পাঁচ বছরের বেশি সময়সীমা মানতে নারাজ।
হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে আমেরিকা ঢুকতে চাইছে। ইরান সেই প্রস্তাবও নাকচ করেছে। হরমুজে ট্রাম্পের অবরোধের ঘোষণার পরও ইরান বলেছিল যে তাদের সুরক্ষা বলয় তৈরি রয়েছে। তবে ট্রাম্পের প্রতিশোধের রাজনীতি বিপদে ফেলছে বিশ্ব অর্থনীতিকে।
এদিকে লেবাননের সঙ্গে ইজরায়েল সরাসরি আলোচনায় বসতে চলেছে ওয়াশিংটনে। তবে লেবাননে ইজরায়েল বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। ইরান আমেরিকার সঙ্গে আলোচনায় লেবাননে হামলা বন্ধ করার দাবিও তুলেছে।
মধ্য প্রাচ্যের পরিস্থিতিতে ভারতের অবস্থান প্রশ্নের মুখে ফেলেছে নরেন্দ্র মোদী সরকারকে। যুদ্ধবিরতির প্রশ্নে পাকিস্তান মধ্যস্থতা করলেও ভারত মধ্য প্রাচ্য সঙ্কটে কার্যত বিচ্ছিন্ন। ভারত আমেরিকার হামলা বা লেবাননে ইজরায়েলের ইজরায়েলের একতরফা হামলায় নিন্দা করার সাহস দেখায়নি। বিদেশমন্ত্রক কেবল ‘উদ্বেগ’ জানিয়েই দায়িত্ব সেরেছে।
এদিকে মোদী-ট্রাম্প টেলিফোন বার্তালাপের খবর জানিয়ে দিল্লিতে আমেরিকার রাষ্ট্রদূত সের্জিও গোর বলেছেন, ‘‘দু’দেশের সম্পর্ক শক্তিশালী রয়েছে।’’
আমেরিকার সংবাদমাধ্যম জানাচ্ছে, ২১ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে ইসলামাবাদে ফের বৈঠকের জন্য আলোচ্য ঠিক করছে ট্রাম্প প্রশাসন। ইরানকে বার্তা দেওয়া হয়েছে।
Iran USA
হরমুজ প্রণালি পার করল চীনের জাহাজ, ইরানের সঙ্গে ফের বসতে চাইছে আমেরিকা
×
Comments :0