ছিলেন তৃণমূল সাংসদ। কেন্দ্রে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কিছুদিন। তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপি-তে। এবার সেই দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ করছে কেন্দ্রের বিজেপি সরকার।
এই নিয়োগ গুরুতর মাত্রায় চালু প্রক্রিয়া বদল করেছে নরেন্দ্র মোদী সরকার। ইন্ডিয়ান ফরেন সার্ভিসের মাধ্যমে নিযুক্ত কূটনীতিবিদ বা বিদেশ মন্ত্রকের আধিকারিকদের রাষ্ট্রদূত পদে নিয়োগ করা হতো। সেই প্রথা থেকে সরে সরাসরি রাজনৈতিক নিয়োগ করছে মোদী সরকার। তার জন্য বেছে নেওয়া হয়েছে তৃণমূলের এই প্রাক্তনীকে।
বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পদে কর্মরত প্রণয় ভার্মার জায়গায় এই দায়িত্ব পেতে চলেছেন দীনেশ। পশ্চিমবঙ্গে নির্বাচনী আবহাওয়ার মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। ত্রিবেদীর নিয়োগের খবর ঘুরছে বাংলাদেশের সংবাদমাধ্যমেও।
ঢাকায় নিযুক্ত বর্তমানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হচ্ছে। সব কিছু ঠিক থাকলে, বাংলায় বিধানসভা নির্বাচনের পরেই দীনেশকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
বিএনপি’র তারেক রহমান সরকার আসীন হওয়ার পর ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক স্তরে ফিরিয়ে আনার প্রয়াস রয়েছে বলে মত পর্যবেক্ষকদের একাংশের।
পশ্চিমবঙ্গে নির্বাচনী আবহে নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তারস্বরে বাংলাভাষীদের বাংলাদেশী অনুপ্রবেশকারী তকমা দিয়ে প্রচার চালাচ্ছেন। এসআইআর প্রক্রিয়া ঘিরেও সেই প্রচার চলছে। তবে বিহারের মতোই, এরাজ্যেও কমিশন জানাতে পারেনি কারা অনুপ্রবেশকারী।
আবার আরেকদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের মেরামতিতেও জোর দিচ্ছে মোদী সরকার। রাষ্ট্রদূত পদে ‘রাজনৈতিক নিয়োগ’ যে কারণে সংশ্লিষ্ট সব মহলেই আগ্রহ বাড়িয়েছে। ২০২১-এ তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন আদতে ব্যবসায়ী দীনেশ ত্রিবেদী।
Dinesh Trivedi Dhaka
তৃণমূল প্রাক্তনী ত্রিবেদীকে ঢাকায় পাঠিয়ে রীতি ভাঙল দিল্লি
×
Comments :0