জঙ্গলের লাগোয়া ধানজমি রক্ষা করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের। হাতির দলকে তাড়াতে গিয়ে তাড়াহুড়ো করে পাহারার টাওয়ার থেকে নামার সময় পা পিছলে পড়ে মৃত্যু হয় কৃষকের। একই রাতে হাতির তাড়া খেয়ে পালাতে গিয়ে গুরুতর জখম আরও দুই গ্রামবাসী। হাতির হানায় প্রায় ৩০ বিঘা জমির ধানের চারাও নষ্ট হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কৃষকের নাম সুনীল ওরাওঁ(৪০)। সুলকাপাড়া বাজার এলাকার বাসিন্দা। আহত জয় বাহাদুর তামাং(৪৫) ও অর্জুন ছেত্রী(৪৯)। তাঁরা দুজন গোঁট বস্তির বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, নাগরাকাটার ছাড়টণ্ডু বস্তি সংলগ্ন ডাইনা জঙ্গলের দিক থেকে নিয়মিত হাতির দল লোকালয়ে ঢুকে ধানজমিতে হানা দিচ্ছে। ফলে কৃষকরা বাধ্য হয়ে রাত জেগে টাওয়ারে বসে জমি পাহারা দিচ্ছেন।
সোমবার রাতে প্রায় ৩০টি হাতির একটি দল আচমকা জমিতে ঢুকে পড়ে। সেখানে সুনীলেরও প্রায় ছয় বিঘা জমি রয়েছে। নিজের জমির দিকে হাতির দল এগিয়ে আসতে দেখে তিনি টাওয়ার থেকে দ্রুত নামতে যান। সেই সময় সিঁড়িতে পা পিছলে নীচে পড়ে গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, একই রাতে ধান রক্ষা করতে গিয়ে হাতির দলের সামনে জয় বাহাদুর ও অর্জুন পড়ে যায়। হাতির তাড়া খেয়ে পালানোর সময় পড়ে গিয়ে দুজনেরই হাত ভেঙে যায়। পাশাপাশি হাতির পায়ের তলায় প্রায় ৩০ বিঘা জমির ধানের চারা নষ্ট হয়েছে।
ডাইনা রেঞ্জের রেঞ্জার সাম্য রায় জানান, টাওয়ার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং হাতির তাড়া খেয়ে পালাতে গিয়ে দুজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকেরা নিয়ম মেনে আবেদন করলে বনদপ্তরের পক্ষ থেকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
Elephant in Nagrakata
হাতির তাণ্ডব নাগরাকাটায়, টাওয়ার থেকে পড়ে কৃষকের মৃত্যু, জখম দুই
×
Comments :0