ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে যাওয়া রেললাইনে ফের হাতির দল। ট্রেন চালক ও সহ-চালকের তৎপরতায় শাবক-সহ একদল হাতি নিরাপদে রেললাইন পার হয়ে জঙ্গলে ফিরে গেল। ঘটনায় পরিবেশপ্রেমী মহলে স্বস্তি ছড়িয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ধুবরি- শিলিগুড়ি ডেমু ট্রেনটি চলাচল করার সময় নাগরাকাটা ও চালসার মধ্যবর্তী ৬৮/১ কিলোমিটার এলাকায় আচমকাই রেললাইনের উপর একদল হাতি চলে আসে। তাদের মধ্যে একটি শাবকও ছিল। লাইনের মধ্যে হাতির দলকে দেখতে পেয়েই চালক জরুরি ব্রেক কষেন। দ্রুত ট্রেনের গতি কমিয়ে লাইনেই ট্রেনটিকে দাঁড় করানো হয়।
কিছুক্ষণ রেললাইনের উপর অবস্থান করার পর হাতির দলটি ধীরে ধীরে লাইন থেকে নেমে জঙ্গলের দিকে চলে যায়। এরপর ট্রেনটি ফের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
ডুয়ার্সের জঙ্গলপথে রেললাইনে হাতির যাতায়াত নতুন ঘটনা নয়। এর আগেও চালকদের তৎপরতায় একাধিকবার হাতির দল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। বন্যপ্রাণের চলাচলের পথে ট্রেন চালকদের এই সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকার পরিবেশপ্রেমীরা প্রশংসা করেছেন।
Elephants
ট্রেন চালকের তৎপরতায় ফের রক্ষা পেল ডুয়ার্সের হাতির দল
×
Comments :0