Strait of ⁠Hormuz

হরমুজ প্রণালিতে নৌ-পরিবহণে পেশাদারি ব্যবস্থা, জানালো ইরান

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করছে ইরান। নৌ-পরিবহণ রক্ষণাবেক্ষণে পেশাদারি বন্দোবস্ত করা হবে। ইরানের দায়িত্বপ্রাপ্ত সাংসদ ইব্রাহিম আজিজি সংবাদমাধ্যমে রবিবার এই পরিকল্পনা জানিয়েছেন।
আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ৭৯ দিনে পৌঁছেছে। বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়ছে। যার অন্যতম কারণ জ্বালানি বাহিনী নৌযানের চলাচল আটকে যাচ্ছে হরমুজ প্রণালিতে। 
রবিবার ফের আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে দ্রুত শান্তিচুক্তিতে ইরান সই না করলে পরিণতি ভয়ঙ্কর হবে। 
ইরানের আইনসভার অধ্যক্ষ মহম্মদ বাঘের গালিবাফ পালটা বলেছেন যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমেরিকা। হরমুজ প্রণালিতে সমস্যা আমেরিকা-ইজরায়েলের হানাদারির জন্য। তিনি বলেছেন, আমেরিকা মানতে না চাইলেও বাস্তব হলো বিশ্বের ভবিষ্যৎ এখন বিকাশশীল দেশগুলির হাতে।
সংঘর্ষ বিরতির ক্ষেত্রে ইরান বারবারই বলেছে যে লেবাননে ইজরায়েলকে হানাদারি বন্ধ করতে হবে। লেবাননের সঙ্গে ইজরায়েলের সংঘর্ষ বিরতির মেয়াদও বেড়েছে। কিন্তু তার পরপরই ফের লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েল। প্রতিরোধী গোষ্ঠী হেজবুল্লার ওপর আক্রমণের কথা বলা হলেও বোমা পড়ছে বসতি এলাকায়। 
রবিবার লেবাননের জওতর অল শারকিয়া শহরে পরপর বোমা ফেলেছে ইজরায়েল। 
এদিকে আমেরিকা যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ডকে এগারো মাস পর ফিরিয়েছে ভার্জিনিয়ায়। ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে নামার আগে থেকেই এই যুদ্ধজাহাজ সামরিক কারণে মোতায়েন করে রাখা হয়েছিল। 
চীন সফরেও সে দেশের রাষ্ট্রপতি শি জিনপিঙের সঙ্গে ইরান এবং মধ্য প্রাচ্য নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প। শীর্ষ বৈঠকের পর দু’দেশের বিবৃতিতে একাধিক মতপার্তক্য রয়েছে। তার অন্যতম ইরান। আমেরিকা ইরানের অসামরিক পারমাণবিক শক্তি উৎপাদনের পরিকাঠামো ভেঙে দেওয়ার পক্ষে সরব। চীনের স্পষ্ট অবস্থান, বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমানবিক শক্তিকে ব্যবহারের পূর্ণ অধিকার রয়েছে ইরানের।

Comments :0

Login to leave a comment