Dhaka Shrine Attacked

খোদ ঢাকায় হামলা মাজারে, ছড়ালো ক্ষোভ, প্রতিবাদ বামপন্থীদের

আন্তর্জাতিক

ছবি সোশাল মিডিয়া থেকে।

মীর আফরোজ জামান: ঢাকা  

বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে হযরত শাহ আলি মাজারে হামলার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে। 
গত বৃহস্পতিবার  রাতে কিছু লোক লাঠিসোটা নিয়ে মাজারে থাকা লোকজনের ওপর হামলা চালায়। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।
পুলিশের বক্তব্য, মাজারে হামলা হয়নি। মাদকবিরোধী অভিযান হয়। এই অভিযান চালিয়েছে জামাতের স্থানীয় নেতা-কর্মীরা।
তবে পুলিশের বক্তব্য বিশ্বাসযোগ্য মনে হয়নি বিভিন্ন অংশের কাছে।  
বাংলাদেশের বাউল সম্প্রদায় তীব্র ক্ষোভ জানিয়েছে। তাদের অভিযোগ, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে একের পর এক হামলা হচ্ছে তৌহিদী জনতার ব্যানারে।
এদিকে নির্বাচিত সরকার কাজ শুরু করার পরও এই ধরনের কাজে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।  
সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “বর্তমানে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসীন। কিন্তু এখনও দেশে মব এবং পরিকল্পিত হামলা বন্ধ হয়নি। এগুলো প্রমাণ করে দেশে আইনের শাসন অনুপস্থিত। তারই সুযোগ নিয়ে দেশে ভিন্নমতের কণ্ঠ রোধ করা হচ্ছে। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে একের পর এক মাজারে মব হামলা হয়েছে। উগ্র দক্ষিণপন্থী মতাদর্শকে প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।‘‘ 
নেতৃবৃন্দ অবিলম্বে মিরপুরের শাহ আলী মাজারে হামলাকারীদের সিসিফুটেজ এবং ভিডিও দেখে মব সৃষ্টিকারী গোষ্ঠী, ইন্ধনদাতা এবং হামলাকারী সকল দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচারের দাবি জানান। একইসঙ্গে সকল মাজার, দরবারসহ ঝুঁকিপূর্ণ ধর্মীয় ও অধ্যাত্মবাদী কেন্দ্রসমূহের নিরাপত্তা জোরদার করার দাবি জানান। 
বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক নুর আহমেদ বকুল তীব্র নিন্দা প্রকাশ করে বলেছেন, ”দেশি বিদেশি সাম্রাজ‍্যবাদী ও মৌলবাদী শক্তির মদতে দীর্ঘদিন  ধরেই এই দেশে ধর্মীয় ফ‍্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। গত ৫ আগস্ট ২০২৪’র পরবর্তী ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বে সকল দক্ষিণপন্থী শক্তির সমন্বয়ে রাষ্ট্রযন্ত্রকে ব‍্যবহার করে জামায়াতের নেতৃত্বে এই ফ‍্যাসিবাদী শক্তিটি বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমান নির্বাচিত সরকারের আপসনীতির কারণে আইনের শাসন প্রতিষ্ঠায় ব‍্যর্থ হচ্ছে।’’

Comments :0

Login to leave a comment