ফাঁসির সাজা খারিজের দাবি জানিয়ে বাংলাদেশ ট্রাইব্যুনালকে আইনি নোটিস শেখ হাসিনার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লন্ডনের একটি আইন সংস্থার আইনজীবী দলের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি নোটিশ পাঠিয়েছেন গত সোমবার। যেখানে তার মৃত্যুদণ্ডের রায় বাতিল করার দাবি জানানো হয়েছে। বুধবার ট্রাইব্যুনালের হাতে সেই নোটিস পৌঁছেছে।
নোটিসে হাসিনা তাঁর বিচারকে সম্পূর্ণ প্রহসন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে বর্ণনা করেছেন। সেই সঙ্গে ট্রাইব্যুনালকে বলেছেন ভবিষ্যতে কোন মামলায় তাঁর বিচারে যেন আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়। শেখ হাসিনার বিচার ও সাজা বেআইনি বলে উল্লেখ করে তা বাতিলে আইনি নোটিশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনাকে অনুপস্থিত অবস্থায় বিচার করে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তার ন্যায্য বিচার ও মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। চিঠিতে আরও বলা হয়, ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগে স্বচ্ছতার অভাব ছিল এবং রাজনৈতিক সংস্পর্শে থাকা ব্যক্তিদের দিয়ে বেঞ্চ গঠন করা হয়েছে। এতে বিচারিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এমনকি একজন বিচারক আগেই দোষী সাব্যস্ত করার ইঙ্গিত দিয়েছেন বলেও দাবি করা হয়েছে। প্রমাণ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। যা নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির ১৪ অনুচ্ছেদের লঙ্ঘন। নোটিশে দাবি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল করতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না, আন্তর্জাতিক মান অনুযায়ী পুনর্বিচার করতে হবে এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
Sheikh Hasina
শেখ হাসিনার মৃত্যুদণ্ড রদে ট্রাইব্যুনালে আইনি নোটিশ
×
Comments :0