ভারত-সহ চারটি দেশে কর্মীদের ‘স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব’ দিল মাইক্রোসফট। বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা জানিয়েছে এই প্রকল্পের আওতায় যোগ্য কর্মীরা আর্থিক সহায়তা এবং কর্মজীবনের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। ভারত, আমেরিকা, ব্রিটেন ও কানাডার কর্মীদের জন্য এই প্রস্তাব আনা হয়েছে। কিন্তু এই প্রকল্প কতটা ‘স্বেচ্ছা অবসরের’ তা নিয়ে সংশয় রয়েছে সংশ্লিষ্ট মহলের।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিশ্বজুড়ে প্রায় ৬০ হাজার কর্মী এই প্রকল্পের আওতায় রয়েছেন। তবে সংশ্লিষ্ট বিভাগের ব্যবসায়িক প্রয়োজনের ভিত্তিতে কর্মীদের যোগ্যতা নির্ধারণ করা হবে। ফলে ভারতে মাইক্রোসফটের প্রায় ২৩ হাজার কর্মীর মধ্যে কত জন বাদ পড়বেন, তা এখনও স্পষ্ট নয়।
মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তথা চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যানের একটি ব্লগে এই পরিকল্পনা জানানো হয়েছে। ভারতে যোগ্য কর্মীদের ১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাঁদের সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব গ্রহণ করবেন কি না।
কর্মী কাঠামোয় পরিবর্তন এবং সংস্থার পুনর্বিন্যাসের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে মাইক্রোসফট। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। একই সময়ে আমেরিকায় বিদেশি কর্মী নিয়োগ এবং ভিসা সংক্রান্ত নীতি নিয়ে সংস্থাটির ভূমিকা নিয়েও নজরদারি চলছে।
Microsoft
স্বেচ্ছায় বিদায়ের নামে ৬০ হাজার কর্মী ছাঁটাইয়ে মাইক্রোসফট
×
Comments :0