Pandua Child Died

পাণ্ডুয়ায় জলে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

জেলা

মা রান্না করছিলেন, বাবা গিয়েছিলেন বাথরুমে। এর মধ্যেই বাড়ির পাশের খাদের জলে ডুবে মৃত্যু হলো দেড় বছরের শিশুর।
বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে হুগলীর পান্ডুয়ার শিখিরা-চাঁপ্তা গ্রাম পঞ্চায়েতের শিবরাই গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবরাই গ্রামের বাসিন্দা ভৈরব মুর্মুর দেড় বছরের শিশুপুত্র বৃহস্পতিবার সকালে বাড়ির উঠোনে খেলছিল। সেই সময় শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং বাবা বাথরুমে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকার সুযোগে কোনওভাবে বাড়ির উল্টোদিকে থাকা গভীর খাদের জলে পড়ে যায় শিশুটি।
কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে গ্রামবাসীরাও তল্লাশিতে হাত লাগান। খোঁজাখুঁজির পর বাড়ির অদূরে খাদের জলে শিশুটিকে ভেসে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। কীভাবে শিশুটি খাদের জলে পড়ে গেল, তা এখনও স্পষ্ট নয় পরিবারের সদস্যদের কাছে।
এ বিষয়ে প্রতিবেশী রামজিত মুর্মু জানান, সকালে বাড়ির উঠোনে খেলছিল শিশুটি। তার মা রান্না করছিলেন এবং বাবা বাথরুমে গিয়েছিলেন। বাড়িটি খাদের পাশেই অবস্থিত। খেলতে খেলতে কোনওভাবে খাদের ধারে চলে গিয়ে জলে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। গ্রামবাসীদের সহযোগিতায় খাদের জলে শিশুটিকে ভাসতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment