Drown

নাগরাকাটায় গাঠিয়া নদীতে স্নান করতে নেমে দুই স্কুলছাত্রীর মৃত্যু

জেলা

তীব্র গরমের মধ্যে গাঠিয়া নদীতে স্নান করতে নেমে তলিয়ে দুই স্কুলছাত্রীর মৃত্যু। শনিবার নাগরাকাটা ব্লকের গ্রাসমোর চা বাগান এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত দুই কিশোরীর নাম সুশানি মুন্ডা (১৪) ও পূজা মুন্ডা (১৪)। দু’জনেই গ্রাসমোর চা বাগানের বাসিন্দা এবং চম্পাগুড়ি হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। তারা ঘনিষ্ঠ বান্ধবী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টা নাগাদ দুই কিশোরী বাড়ির কাছেই গাঠিয়া নদীর রেল সেতু সংলগ্ন এলাকায় স্নান করতে নামে।পাহাড়ি নদীতে তখন তীব্র স্রোত ছিল এবং গভীর জলও ছিল। স্নানের সময় স্রোতের টান সামলাতে না পেরে দু’জনেই জলের গভীরে তলিয়ে যায়।
ঘটনা নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে দুই কিশোরীকে উদ্ধার করেন। তবে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে নাগরাকাটা থানার পুলিশ ও রেল পুলিশ পৌঁছায়।মৃতদেহ দু’টি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও  হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাঠিয়া নদীতে এর আগেও স্নান করতে নেমে একাধিক দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে বর্ষার সময়ে পাহাড়ি নদীগুলিতে জলস্তর ও স্রোত দ্রুত বেড়ে যায়। প্রশাসনের তরফে নদীতে না নামার জন্য সতর্কতা জারি করা হলেও তা অনেক সময় উপেক্ষিত হয়। ফলে বারবার প্রাণহানির ঘটনা ঘটছে। দুই কিশোরীর আকস্মিক মৃত্যুতে গ্রাসমোর চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments :0

Login to leave a comment