Youth Arrested

ব্রাউন সুগারসহ বানারহাটে গ্রেপ্তার যুবক

জেলা

বাসে করে শিলিগুড়ি থেকে ব্রাউন সুগার নিয়ে এসে তেলিপাড়ায় ডেলিভারি দেওয়ার আগেই পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। সোমবার বিকেলে বানারহাট ব্লকের তেলিপাড়া মোড় সংলগ্ন সেনা ছাউনির পাশের যাত্রী প্রতীক্ষালয় থেকে প্রকাশ তোরুয়া(৩০)কে গ্রেপ্তার করে বানারহাট থানার পুলিশ। ধৃতের বাড়ি শিলিগুড়ির মাটিগাড়ায়। তাঁর কাছ থেকে ৯৩.৬৭০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিডিও’র উপস্থিতিতে উদ্ধার হওয়া মাদক ওজন করে জব্দ করা হয়। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।
তদন্তকারীদের নজরে এখন মাদক পাচারের মূল চক্র। পুলিশ খতিয়ে দেখছে, প্রকাশ নিজেই পাচারচক্রের সঙ্গে সরাসরি যুক্ত, নাকি শুধুমাত্র ‘ডেলিভারি এজেন্ট’ হিসেবে কাজ করছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ডুয়ার্সের বিভিন্ন এলাকায় লাইনম্যান ও এজেন্টদের মাধ্যমে মাদক পৌঁছনোর একটি নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই নেটওয়ার্কের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা চলছে।
তদন্তকারীদের একাংশের অনুমান, দ্রুত আয়ের প্রলোভনে স্থানীয় যুবকদের একাংশকে মাদক পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে। একাধিক হাতবদলের মাধ্যমে মাদক ক্রেতার কাছে পৌঁছনোয় পাচারচক্রের মূল কারবারিরা আড়ালে থেকে যাচ্ছে। বানারহাটের ঘটনায় উদ্ধার হওয়া মাদকের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে আর কারা যুক্ত সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

Comments :0

Login to leave a comment