মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে দুই ভারতীয় পর্বতারোহীর মৃত্যু। শুক্রবার নেপাল প্রশাসনের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। নিহত দুই পর্বতারোহীর নাম অরুণ কুমার তিওয়ারি এবং সন্দীপ আরে।
এক্সপিডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন অফ নেপালের সাধারণ সম্পাদক ঋষি ভাণ্ডারী জানিয়েছেন, গত বুধবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে সফলভাবে আরোহণ করেন সন্দীপ। অন্যদিকে অরুণ চূড়ায় পৌঁছান বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ। কিন্তু শৃঙ্গ জয় করে নিচে নেমে আসার সময় দু'জনেই চরম ক্লান্ত হয়ে পড়েন। শেরপাদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ার কারণে বৃহস্পতিবার সন্দীপের মৃত্যু হয়। ঋষি ভাণ্ডারী জানিয়েছেন, শেরপারা তাকে ব্যালকনি এরিয়া থেকে উদ্ধার করে সাউথ কোল পর্যন্ত নামিয়ে আনেন। তাকে বাঁচানোর জন্য রাতভর আপ্রাণ চেষ্টা করা হলেও তারা ব্যার্থ হন।
এভারেস্ট জয় করার পর দু'জন অভিজ্ঞ শেরপাকে সঙ্গে নিয়ে নিচে নামছিলেন অরুণ। হিলারি স্টেপের কাছে তিনিও প্রবলভাবে ক্লান্ত হয়ে পড়েন। শেরপারা বারবার চেষ্টা করলেও তাকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তবে নেমে আসার পথে ঠিক কোন সময় তার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
নেপালের প্রশাসন জানিয়েছেন, এই দুই ভারতীয় পর্বতারোহীর মৃত্যু নিয়ে চলতি মরশুমে এভারেস্টে মোট পাঁচজনের মৃত্যু হল। এর আগে এই অভিযান চলাকালীন তিন নেপালি পর্বতারোহী প্রাণ হারিয়েছিলেন।
গত বুধবার একদিনে ২৭৪ জন পর্বতারোহী নেপালের দিক থেকে এভারেস্ট জয় করেন, যা একটি বিশ্বরেকর্ড। এই রেকর্ড গড়া দলে সন্দীপ সহ তিন জন ভারতীয়ও ছিলেন।
নেপাল প্রশাসন জানিয়েছেন, স্প্রিং সিজনের ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড। এর আগে ২০১৯ সালের মে মাসে একদিনে ২২৩ জন পর্বতারোহী এভারেস্ট জয় করেছিলেন।
২০২৬ সালের এই স্প্রিং সিজনে এভারেস্ট অভিযানের জন্য মোট ৫০২ জন পর্বতারোহীকে পারমিট বা অনুমতি দেওয়া হয়েছে।
বিশ্বের ১৪টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে ৮টিই নেপালে অবস্থিত। হিমালয়ের এই দেশে প্রতি বছর পর্বতারোহণের জন্য শয়ে শয়ে পারমিট দেওয়া হয়। এভারেস্ট অভিযান এই দেশের পর্যটন শিল্পের আয়ের অন্যতম প্রধান উৎস।
Mountainer died
এভারেস্ট জয় করে ফেরার পথে দুই ভারতীয় পর্বতারোহীর মৃত্যু
×
Comments :0