Accident on Teesta Bridge

তিস্তা সেতুতে দুর্ঘটনা, মৃত ভুটানগামী গাড়ির চালক

জেলা

জলপাইগুড়ির তিস্তা সেতুর উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক গাড়িচালকের। বৃহস্পতিবার একটি ভুটানগামী গাড়িকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি মালবোঝাই কন্টেনার লরি। দুর্ঘটনায় ভুটানগামী গাড়ির চালক ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় কন্টেনার লরির চালকও গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিস্তা সেতুর উপর ভুটানগামী একটি গাড়ি দাঁড় করিয়ে মেরামতির কাজ চলছিল। সেই সময় চালক গাড়ির নীচে শুয়ে ছিলেন। আচমকা দ্রুতগতিতে আসা একটি মালবোঝাই কন্টেনার লরি দাঁড়িয়ে থাকা গাড়িটিতে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়ির নীচে থাকা চালক নিজের গাড়ির চাকায় পিষ্ট হন।
অন্যদিকে, ধাক্কার অভিঘাতে কন্টেনার লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। লরির চালক গাড়ির ভিতরেই আটকে পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁকে গাড়ির ভিতর থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশের গাড়িতে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ও কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনার জেরে জলপাইগুড়ি-ময়নাগুড়ি সড়কে তীব্র যানজট তৈরি হয়। জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। পরে দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়ি সরিয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

Comments :0

Login to leave a comment