ডিএ আইনি অধিকার। সরকারকে তা মানতে হবে। এমন পর্যবেক্ষণের ভিত্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের দুই বিচারপতি সঞ্জয় করোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ মার্চের ৬ তারিখের মধ্যে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছে।
বেঞ্চ বলেছে, মহার্ঘ ভাতা পাওয়া কর্মচারীদের আইনি প্রয়োগযোগ্য অধিকার। আদালতের আগের রায় অনুযায়ী তাঁদের ২০০৮-২০১৯ পর্বের বকেয়া মেটাতে হবে রাজ্য সরকারকে।
সংবাদসংস্থা জানাচ্ছে যে শীর্ষ আদালত ডিএ বা মহার্ঘ ভাতাকে জনকল্যাণকর রাষ্ট্রের সুরক্ষামূলক হাতিয়ার। দাম বৃদ্ধির থেকে কর্মচারীদের রক্ষা করার একটি ব্যবস্থা মহার্ঘ ভাতা।
বেঞ্চ বলেছে, ডিএ কোনও অতিরিক্ত সুবিধা নয়। ন্যূনতম জীবনমান বজায় রাখার একটি উপায়।
রাজ্য সরকার এবারও আদালতে আর্থিক সঙ্কটের অজুহাত খাড়া করেছে। বেঞ্চ বলেছে, আর্থিক প্রভাব খতিয়ে দেখতে একটি কমিটি গড়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা, হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ত্রিলোক সিং চৌহান ও গৌতম ভাদুরি এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা এই প্রতিষ্ঠানের কোনও বরিষ্ঠ আধিকারিককে নিয়ে।
কখন বকেয়া অর্থের বাকি টাকা কী কী অঙ্কে কোন সূচি অনুযায়ী মেটাবে তা নিয়ে আলোচনা চালাবে এই কমিটি। তবে প্রথম কিস্তির টাকা মেটাতে হবে ৩১ মার্চের মধ্যে।
নির্দেশ পালন কতটা হলো তা জানিয়ে রাজ্যকে দিতে হবে হলফনামাও। ১৫ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে সেই হলফনামা।
এর আগে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সবদিক থেকে ‘এগিয়ে’ বলে দাবি করলেও সেই নির্দেশকে কার্যকর করেনি তৃণমূল সরকার। কখনও বলেছে, ডিএ কর্মীদের অধিকার নয়। আবার কখনও আর্থিক দায়ভার মেটানোর সামর্থ্য না থাকার কারণ দেখিয়েছে। বারবার আদালতের রায়কে চ্যালেঞ্জ করেছে।
বৃহস্পতিবারই রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ সাংবাদিক সম্মেলন করে বলেছে যে নামি আইনজীবীদের নামিয়ে কর্মচারীদের সঙ্গত অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল। কিন্তু তা হয়নি। এই জয় আন্দোলনের জয়।
আইনজীবীরা জানাচ্ছেন, রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়ার অঙ্ক ৪১ হাজার কোটি টাকা। ২০২২’র মে-তে কলকাতা হাইকোর্ট বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল। কেন্দ্রের সমান হারে বকেয়া মেটাতে বলা হয়েছিল। কিন্তু নভেম্বরেই সুপ্রিম কোর্টে পালটা আবেদন দায়ের করে রাজ্য। তারপর থেকে রাজ্য ডিএ বাবদ বকেয়ার সামান্য অংশই দিয়েছে কেবল।
২০২৫’র এপ্রিলের হিসেব, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৫ শতাংশ হারে ডিএ পান। কিন্তু রাজ্যের কর্মচারীদের ক্ষেত্রে সেই হার ১৮ শতাংশ। সম্প্রতি ৪ শতাংশ যুক্ত হয়েছে এই হিসেবে।
Supreme Court DA
ডিএ কর্মচারীদের আইনি অধিকার, নির্দেশে বলল সুপ্রিম কোর্ট
×
Comments :0