হোস্টেলের আবাসিক শিক্ষক ও আধিকারিকদের জন্য ভালো মানের খাবার তৈরি হলেও আবাসিক পড়ুয়াদের দেওয়া হয় অত্যন্ত নিম্নমানের খাবার। অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত রাখা হয় পড়ুয়াদের। প্রতিবাদ করলে পড়ুয়াদের প্রতি করা হয় দুর্ব্যবহার। এই অভিযোগ তুলে এবার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদলের দাবি তুলে সরাসরি রাস্তায় নেমে এলো বাঁকুড়ার মুকুটমণিপুরের একলব্য মডেল স্কুলের পড়ুয়ারা।
শনিবার সকাল ১০টা থেকে লাগাতার পথ অবরোধ করে রেখে বিক্ষোভে শামিল হলো ওই স্কুলের প্রায় সাড়ে চারশো আবাসিক পড়ুয়া। কেন্দ্রীয় সরকারি প্রকল্পের পরিচালিত একলব্য মডেল স্কুলে সব শিক্ষক অস্থায়ী। ছাত্রছাত্রীদের ক্ষোভ দীর্ঘদিনের।
ছাত্রদের আন্দোলনের চাপে টিচার ইন চার্জ কৃষ্ণেন্দু মল্লিক পদত্যাগ করেছেন। খাতড়ার এসডিও তাপস ভট্টাচার্যের সঙ্গে কথা বলছে পড়ুয়ারা।
বাঁকুড়ার এই একলব্য মডেল স্কুলের ছাত্র ও ছাত্রীদের পৃথক হোস্টেলে কমবেশি সাড়ে চারশো জন আবাসিক পড়ুয়া রয়েছে। আবাসিক পড়ুয়াদের একশো শতাংশই আদিবাসী সম্প্রদায়ের। অভিযোগ ছাত্র ও ছাত্রীদের যে দুটি হোস্টেল রয়েছে সেই দুটির রান্নাঘরে আবাসিক পড়ুয়া ও শিক্ষকদের জন্য পৃথক মানের খাবার রান্না করা হয়। পড়ুয়াদের যে খাবার দেওয়া হয় তা অত্যন্ত নিম্নমানের। খাবার ছাড়াও পড়ুয়াদের পোশাক থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে স্কুল ও হোস্টেল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে পড়ুয়ারা বঞ্চনার শিকার বলে অভিযোগ।
এছাড়াও পড়ুয়াদের খেলাধূলার জন্য নির্দিষ্ট কোচ থাকার কথা থাকলেও তা দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর সভা হওয়ায় স্কুলের মাঠের ক্ষতি হয়েছিল। তা মেরামত করা হয়নি। আর এসবের প্রতিবাদ করতে গেলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হোস্টেলের আধিকারিকেরা পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে অবিলম্বে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদলের দাবি তুলে আজ সকাল ১০টা থেকে স্কুলের সামনে মুকুটমণিপুর গোড়াবাড়ি রাস্তায় বসে পড়ে একলব্য মডেল স্কুলের আবাসিক পড়ুয়ারা। চলে বিক্ষোভও। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি বাঁকুড়ার জেলা শাসক অথবা আদিবাসী এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের প্রোজেক্ট অফিসারকে অবরোধস্থলে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। তা না হলে কোনোভাবেই আন্দোলন থেকে সরবে না বলে জানিয়েছে আন্দোলনকারী পড়ুয়ারা।
আন্দোলনের চাপে শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পদত্যাগ করতে হয়েছে।
Adivasi Students Protest Mukutmanipur
মুকুটমণিপুরে একলব্য হোস্টেলে বিক্ষোভ আদিবাসী পড়ুয়াদের, পদত্যাগ ভারপ্রাপ্ত শিক্ষকের
মুকুটমণিপুরে পড়ুয়াদের বিক্ষোভ।
×
Comments :0