নদীর চর ও সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগে ডুয়ার্সে প্রশাসনের কড়া পদক্ষেপ। শুক্রবার মাল মহকুমা প্রশাসনের উদ্যোগে মাটিয়ালি ব্লকের গোয়ালডাঙ্গা এলাকায় কুর্তি নদীর ধারে গড়ে ওঠা একটি ইকো রিসোর্টের অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের উচ্ছেদ অভিযানে এলাকার বাসিন্দা ও পরিবেশপ্রেমীরা স্বস্তি প্রকাশ করেছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, মাটিয়ালি-বাতাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের গোয়ালডাঙ্গা এলাকায় কুর্তি নদীর ধারে ‘গ্র্যান্ড ডুয়ার্স ইকো রিসোর্ট’ গড়ে উঠেছিল। অভিযোগ নদীর চর এবং সরকারি জমি দখল করে সেখানে বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মাণ কাজ চালানো হয়। নদীর স্বাভাবিক গতিপথ এবং চর এলাকার পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই নির্মাণ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ ছিল। নদীর চর দখল করে নির্মাণের ফলে বর্ষার সময় নদীর জলপ্রবাহে তার প্রভাব পড়তে পারে বলেও পরিবেশপ্রেমীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন। বিশেষ করে ডুয়ার্সের নদীগুলির চর ও তীরবর্তী এলাকা প্রাকৃতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সেখানে অনুমোদনহীন নির্মাণ নিয়ে প্রশ্ন উঠছিল।
অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনিক স্তরে পদক্ষেপ শুরু হয়।মাটিয়ালি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং মেটেলি থানার পক্ষ থেকে রিসোর্ট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়। পাশাপাশি সতর্কতামূলক বোর্ডও টাঙানো হয়েছিল। বেআইনি নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
পরবর্তী পর্যায়ে মাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকেও রিসোর্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্মাণসামগ্রী ও অন্যান্য সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।প্রশাসনের আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে ঘটনাস্থলে বুলডোজার নিয়ে পৌঁছয় দল। এরপর ধাপে ধাপে রিসোর্টের অবৈধ নির্মাণগুলি ভেঙে ফেলা হয়। অভিযানের ফলে নদীর চর ও সরকারি জমি দখল করে তৈরি হওয়া নির্মাণের পুরো কাঠামো সরিয়ে দেওয়া হয়েছে।
Dooars
ডুয়ার্সে নদীর চরের অবৈধ রিসোর্ট ভাঙল প্রশাসন
×
Comments :0