অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে মহিলাদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে এক যুবককে আটক করল উলুবেড়িয়া থানার পুলিশ। বুধবার বেলায় ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয় চত্বরে। ধৃত যুবকের নাম গুঞ্জন মন্ডল। বাড়ি উলুবেড়িয়া থানার ধুলাসিমলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্নপূর্ণা যোজনার তালিকায় নাম আছে কিনা তা জানতে প্রায় প্রতিদিনই মহকুমা শাসকের দপ্তরে ভিড় করছেন এলাকার বহু মহিলা। এই ভিড়কেই হাতিয়ার করেছিল অভিযুক্ত। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই গুঞ্জন নিজেকে সরকারি কাজের সঙ্গে যুক্ত বলে পরিচয় দিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে আসা মহিলাদের তালিকায় নাম দেখে দেওয়ার পাশাপাশি নতুন করে নাম তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিচ্ছিল। বুধবার দুপুরে একইভাবে এক মহিলার কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে তাকে ধরে ফেলেন উপস্থিত অন্যান্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ এবং অভিযুক্তকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছে ধৃত যুবক। তবে তার দাবি, বাবার শারীরিক অসুস্থতার কারণে টাকার প্রয়েজনেই সে এই কাজ করছিল। সূত্রের খবর, বুধবার ওই মহিলার কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিয়ে দিয়েছে অভিযুক্ত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
Annapurna Yojna Cutmoney
অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়, আটক যবক
×
Comments :0