Attempted Rape of a Minor

নাবালিকাকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত অধরা, পুলিশের ভূমিকায় ক্ষোভ ধূপগুড়িতে

জেলা

বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এক নাবালিকাকে ধর্ষণ চেষ্টার ঘটনায় উত্তপ্ত ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোড়া-২ গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী এবং বামপন্থী নেতৃত্ব। পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার নাবালিকার বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে ছিলেন এবং মা জমিতে কাজে গিয়েছিলেন। বাড়িতে নাবালিকাকে একা পেয়ে প্রতিবেশী এক যুবক জোরপূর্বক ঘরে ঢুকে তাকে আটকে ফেলে। এরপর তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং ধর্ষণ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এমনকি ওই নাবালিকার পরনের পোশাকও ছিঁড়ে ফেলা হয়। তবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ওই কিশোরী অভিযুক্তের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ওই যুবক। ঘটনার পরেই নাবালিকার পরিবার ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা নেতা মুকুলেশ রায় সরকার বলেন, ‘‘রাজ্যে নারী ও শিশুকন্যাদের সুরক্ষা চরম সংকটের মুখে। ধূপগুড়ির এই ঘটনা প্রমাণ করে দুষ্কৃতীদের মনে আইনের কোনো ভয় নেই। অভিযোগ পাওয়ার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে ব্যর্থ। এটি পুলিশের চরম উদাসীনতা এবং শাসকদলের ছত্রছায়ায় অপরাধীদের প্রশ্রয় দেওয়ারই ফল। আমরা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’’ নির্যাতিতার পরিবারকেও নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক। এদিকে, অপরাধী গ্রেপ্তার না হওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে নির্যাতিতার পরিবার। পুলিশের দাবি, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে পুলিশের এই আশ্বাসে ভরসা না রেখে অবিলম্বে দোষীকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় মানুষ এবং বামপন্থী কর্মী-সমর্থকরা।

Comments :0

Login to leave a comment