অন্নপূর্ণা যোজনার টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল নয়াগ্রামের এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে বিজেপি’র মণ্ডল কমিটির সদস্য তথা বুথ সভাপতি তরণী মাহাতোকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার তাঁকে আদালতে তোলা হলে দু’দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
নিগৃহীতার পরিবারের অভিযোগ, গত ১৯ আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা কেন এখনও পাওয়া যাচ্ছে না, তা খতিয়ে দেখার অছিলায় ওই গৃহবধূর বাড়িতে যান তরণী মাহাতো। অভিযোগ, বাড়িতে ঢুকে তাঁর মুখ বেঁধে ধর্ষণ করা হয়। এরপর বিষয়টি কাউকে জানালে তাঁর স্বামীকে খুন করার হুমকি দেওয়া হয়। পাশাপাশি মুখ বন্ধ রাখলে অন্নপূর্ণা যোজনার টাকা এবং আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
তবে হুমকিতে মুখ বন্ধ রাখেননি ওই গৃহবধূ। স্বামীকে ঘটনার কথা জানান তিনি। ওই রাতেই পরিবারের সদস্য ও প্রতিবেশীরা অভিযুক্ত বিজেপি নেতার বাড়িতে গেলে তাঁকে সেখানে পাওয়া যায়নি। অভিযোগ, এরপর নিজের এলাকা ছেড়ে পাশের গোপীবল্লভপুর থানা এলাকায় গিয়ে বিজেপি’র কয়েকজন নেতার আশ্রয়ে গা-ঢাকা দেন তরণী।
পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর থেকেই তাঁদের বাড়িতে দফায় দফায় কয়েকজনের আনাগোনা শুরু হয়। সালিশি সভা ডেকে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। প্রায় আড়াই দিন নিগৃহীতা ও তাঁর পরিবারকে কার্যত নজরবন্দি করে রাখা হয়েছিল বলেও দাবি পরিবারের।
শেষ পর্যন্ত কোনওরকমে তাঁদের নজর এড়িয়ে গ্রাম থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে প্রায় ২৬ কিলোমিটার সাইকেল চালিয়ে নয়াগ্রাম থানায় পৌঁছান পরিবারের সদস্যরা। সেখানে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। শনিবার রাতে নয়াগ্রাম থানা এলাকার একটি জায়গা থেকে তরণী মাহাতোকে গ্রেপ্তার করা হয়।
রবিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তীব্র নিন্দা করেছে বিভিন্ন সংগঠন। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আদিবাসী অধিকার মঞ্চের সর্বভারতীয় সম্পাদক ডাঃ পুলিনবিহারী বাস্কে। কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সিপিআই(এম)’র জেলা সম্পাদক প্রদীপ সরকারও।
BJP leader arrested over rape allegation involving lure of 'Annapurna Awas' housing benefit
অন্নপূর্ণা-আবাসের সুবিধার টোপ দিয়ে ধর্ষণের অভিযোগ, বিজেপি নেতা গ্রেপ্তার
×
Comments :0