Tamil Nadu

তামিলনাড়ুতে টাটা ইলেকট্রনিক্সের কারখানায় দুর্ঘটনা, প্রাণ গেল তিন চুক্তিভিত্তিক শ্রমিকের

জাতীয়

অ্যাপলের আইফোনের যন্ত্রাংশ তৈরির কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা। তামিলনাড়ুর হোসুরে টাটা ইলেকট্রনিক্সের কারখানায় তিন চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে কারখানার বর্জ্য পরিশোধন কেন্দ্রে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসেই ওই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য প্রশাসন। পাশাপাশি টাটা গোষ্ঠী এবং অ্যাপলও পৃথকভাবে ঘটনার তদন্ত করবে বলে সূত্রের খবর।
জেলা প্রশাসনের আধিকারিক দীনেশ কুমার জানিয়েছেন, কারখানার এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা বর্জ্য পরিশোধন কেন্দ্রে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ওই শ্রমিকেরা। সেই সময় একটি বাহ্যিক ন্যানো-ফিল্ট্রেশন ট্যাঙ্ক পরিদর্শন করতে গিয়ে গ্যাসের সংস্পর্শে আসেন তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ওই বর্জ্য পরিশোধন কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে ছিল মার্কিন সংস্থা ইকোল্যাবের অধীনস্থ ন্যালকো ওয়াটার।
ঘটনাকে কেন্দ্র করে শিল্পমহলে উদ্বেগ তৈরি হয়েছে। টাটা ইলেকট্রনিক্স, অ্যাপল এবং ন্যালকো ওয়াটারের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তামিলনাড়ুর শিল্পমন্ত্রী বিরুধাই মাগাল কীর্থনা সমাজমাধ্যমে জানিয়েছেন, শ্রমিকদের মৃত্যুর ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
উল্লেখ্য, ভারতে অ্যাপলের আইফোন উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে তামিলনাড়ু। চিনের উপর উৎপাদন নির্ভরতা কমানোর লক্ষ্যে গত কয়েক বছরে ভারতকে গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলেছে অ্যাপল। বর্তমানে বিশ্বের মোট আইফোন উৎপাদনের প্রায় ২৫ শতাংশ ভারতে তৈরি হয়। এ দেশে আইফোন উৎপাদনের ক্ষেত্রে টাটা ইলেকট্রনিক্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতে অ্যাপলের মোট আইফোন সংযোজনের প্রায় ৪০ শতাংশ করে টাটা গোষ্ঠী। বাকি অংশের দায়িত্বে রয়েছে ফক্সকন।
তবে সাম্প্রতিক সময়ে টাটা ইলেকট্রনিক্সের উৎপাদন পরিকাঠামো একাধিক সমস্যার মুখে পড়েছে। ২০২৪ সালে হোসুরের যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। চলতি বছর ওই কারখানার আশপাশে ভূগর্ভস্থ জল দূষণের অভিযোগে রাজ্য প্রশাসনের তরফে কারখানা বন্ধের সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। যদিও পরে সেই পদক্ষেপ থেকে সরে আসে প্রশাসন।
এর পাশাপাশি, একই শিল্পচত্বরে অবস্থিত আরেকটি আইফোন কারখানায় সাম্প্রতিক সময়ে র্যারনসমওয়্যার হামলার ঘটনাও সামনে আসে। ওই সাইবার হামলায় অ্যাপলের তৎকালীন অপ্রকাশিত আইফোন ১৮ প্রো-র সঙ্গে সম্পর্কিত কিছু নথি ফাঁস হয়ে যায় বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
শ্রমিক মৃত্যুর এই ঘটনা টাটা ইলেকট্রনিক্সের নিরাপত্তা ব্যবস্থা এবং শিল্পক্ষেত্রে কর্মীদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। তবে এই দুর্ঘটনার জেরে আপাতত আইফোন উৎপাদনে কোনও প্রভাব পড়েনি বলে শিল্পমহলের সূত্রের দাবি। দীপাবলি উপলক্ষে চলতি সপ্তাহে কারখানাটি বন্ধ থাকায় উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়নি।
উল্লেখ্য, তামিলনাড়ু দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে ফক্সকন, হুন্ডাই, ভিনফাস্ট এবং বিএমডব্লিউ-র মতো একাধিক আন্তর্জাতিক সংস্থার কারখানা রয়েছে। ফলে টাটা ইলেকট্রনিক্সের কারখানায় তিন শ্রমিকের মৃত্যুর ঘটনা রাজ্যের শিল্পক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে।

Comments :0

Login to leave a comment