Ethanol Blending Karnataka

পেট্রোলে মেশানো হচ্ছে ৩০ শতাংশের বেশি ইথানল? নমুনা পরীক্ষা কর্নাটকে

জাতীয়

ঠিক করে দেওয়া মাত্রার চাইতেও বেশি হারে মেশানো হচ্ছে ইথানল। পেট্রোলে ইথানল মেশানো নিয়ে অভিযোগের তদন্তে নেমে এই অভিযোগ তুলেছেন কর্নাটকের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।
এমনিতেই কেন্দ্রের ইথানল মেশানোর নীতি একাধিক কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে সারা দেশে। কিন্তু এই নীতিতেও ২০ শতাংশ ইথানল মেশানোর কথা। 
শিবকুমারের অভিযোগ, কর্নাটকের বিভিন্ন জায়গায় তেলের নমুনা নিয়ে দেখা গিয়েছে ৩০ শতাংশের বেশি মেশানো হচ্ছে ইথানল।
কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব কর্নাটকের রাজ্য সরকার। রাজ্যের খাদ্য জন সরবারহ এবং আইন বিষয়ক দপ্তর নমুনা সংগ্রহ করছে।
শিবকুমার বলেছেন, কেবল পেট্রোল পাম্প নয়, নমুনা সংগ্রহ করা হয়েছে ইথানল মেশানোর কেন্দ্র থেকেও। এমন ৬৭টি জায়গা থেকে নেওয়া হয়েছে নমুনা। 
রাজ্যের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েলের নমুনায় এমনকি ৩১.৫ শতাংশ ইথানল মেশানোর প্রমাণ পাওয়া গিয়েছে। আরেক সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়ামের নমুনায় ৩০.৫ শতাংশ পর্যন্ত ইথানল মেশানোর প্রমাণ মিলেছে। 
কেন্দ্রের ইথানল নীতির প্রতিবাদ বিভিন্ন স্তর থেকেই উঠছে। গাড়ি বা দু’চাকার যানের চালকরা বলছেন যে মাইলেজ কমে যাচ্ছে। গাড়ির যন্ত্রপাতি খারাপ হয়ে যাচ্ছে। ফলে রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে যাচ্ছে। এমনিতেই তেলের দাম চড়া। তার ওপর মাইলেজ কম এবং রক্ষণাবেক্ষণের ধাক্কায় খরচ আরও বাড়ছে। 
কৃষির দিক থেকেও আশঙ্কা একাধিক। এক, খাদ্য শস্য থেকে সরে গিয়ে ইথানল তৈরির ওপর ঝোঁক দেওয়া হচ্ছে। দুই, মাটির তলার জল ব্যবহারেও নিয়ন্ত্রণ থাকছে না। 
শিবকুমার বলেছেন, এনএবিএল শংসাপত্র রয়েছে এমন বিভিন্ন ল্যাবরেটরি থেকেই পরীক্ষা করানো হয়েছে বিভিন্ন নমুনার। পরীক্ষার কাজ চলবে।

Comments :0

Login to leave a comment