Diwali Delhi Pollution Data Missing

দিল্লিতে সর্বোচ্চ দূষণ দিওয়ালিতে, ৩৬টি কেন্দ্রের তথ্য লোপাট

জাতীয়

সকাল ন’টায় সুক্ষ্ম ধূলিকণার মাত্রা ধরা হয়নি দিল্লির ৫৯টি নজরদারি কেন্দ্রের ৩৬টিতে। তথ্য না থাকায় দিওয়ালির পরের দিন, সোমবার, খাতায় কলমে দিল্লির দূষণ কমেছে। 
বায়ু দূষণ গবেষণা কেন্দ্র সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার’র বিশ্লেষক ডঃ মনোজ কুমার তুলেছেন এই অভিযোগ। সংবাদমাধ্যমে তিনি বলেছেন যে সকাল ৯টায় সূক্ষ্ম ধূমলিকণা ‘পিএম ২.৫’-র মাত্রা জানায়নি দিল্লির ৩৬টি নজরদারি কেন্দ্রে। 
সোমবার, ৯ নভেম্বর, দিল্লিতে বায়ু দূষণের সূচক একিউআই বিকেল পাঁচটা নাগাদ ছিল ৩৪৪। দিওয়ালির দিন, ৮ নভেম্বর, একই সময়ে এই সূচক ছিল ৩৭৬।     
তবে মনোজ কুমার বলছেন, কোনও একটি নির্দিষ্ট সময়ে একসঙ্গে এত বেশি সংখ্যায় নজরদারি কেন্দ্রের তথ্য না থাকায় সূচকের মান আর বাস্তব অবস্থার মধ্যে ফারাক হবে। 
তবে এই বিশ্লেষক বলেছেন, কেবল তথ্য নথিভুক্ত না হওয়ায় সূচক কিছুটা ভালো হয়েছে তা নয়। হাওয়ার বেগও তুলনায় বেশি ছিল। ফলে বায়ু দূষণে দায়ী সূক্ষ্ম ধূলিকণা ভেসে যেতে পেরেছে। 
সোমবার পরিস্থিতি কিছুটা শুধরে গেলেও ২০২৬’র দিওয়ালি দিল্লিবাসীর কাছে বছরের সবচেয়ে দূষিত দিন। ২০১৬ থেকে, দশ বছরে, দিওয়ালির দিনে দূষণের নিরিখে এই দিন ছিল চার নম্বরে। ‘পিএম ২.৫’ ছিল প্রতি ঘন মিটারে ২৫৭ মাইক্রোগ্রাম।

Comments :0

Login to leave a comment