নতুনপাতা
দীপাবলি ১৪৩৩
বই
স্তালিনের খোঁজে এক আশ্চর্য সফরনামা : প্রদোষকুমার বাগচী
২৭ অক্টোবর ২০২৬ — ৪র্থ বর্ষ
ঠিক কেমন ছিলেন স্তালিন? অজস্র রূপকথার নায়ক এবং একই সঙ্গে সমালোচনার তিরে বিদ্ধ এই মানুষটিকে জানার জন্য অনেক বই রয়েছে। কিন্তু সেসবেই সন্তুষ্ট না থেকে এই কলকাতা থেকে যদি কেউ চারবার পাড়ি দেন রাশিয়া, জর্জিয়া, ইউক্রেনে? খুঁজে খুঁজে বের করেন স্তালিনকে চোখে দেখা, সেই সময়ে তরুণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক পরিবারকে, এমনকি স্তালিনের পরিবারকেও? নভেম্বর বিপ্লব শতবার্ষিকীর মিছিলে মস্কোয় পা মেলান স্তালিনের গল্প খুঁজতে? আজকের রাশিয়ার তরুণ প্রজন্মের সঙ্গে আড্ডায় বসে যান আসলে কী প্রবহমান, তা জেনে নিতে? কেউ যদি এই অভিযাত্রীর সফরে রাত কাটাতে পারেন একদা লেনিনের অফিস-প্রাভদার বাড়িটিতে? স্তালিনের জন্মদিনে কাটাতে পারেন গোরির সেই বাড়িতে যেখানে স্তালিন জন্মেছিলেন? তাহলে সেটি আর সফরনামা থাকে না, হয়ে ওঠে এক ধারাবিবরণী, এক তথ্যচিত্র। অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের ‘ডিকটেটরের খোঁজে? এতদূর?’ ইতিহাসের দলিল, বাংলায় স্তালিন চর্চায় এক প্রথা-ভাঙা উত্তরণ। স্তালিনের স্পর্শে উষ্ণ এই বই।
ডিকটেটরের খোঁজে? এতদূর?
অনির্বাণ গঙ্গোপাধ্যায়। প্রতিক্ষণ, দাম: ২৫০টাকা
Comments :0