BOOKTOPIC | The Letters of Vincent van Gogh | SUDARSAN CATTAPADHAYA | NATUNPATA | 4th YEAR | 8 JUNE 2026

বইকথা | চিঠিপত্রে মনের তুলির টানে ভ্যান গগ | সুদর্শন চট্টোপাধ্যায় | নতুনপাতা | ৪র্থ বর্ষ | ৮ জুন ২০২৬

নতুনপাতা/মুক্তধারা

BOOKTOPIC   The Letters of Vincent van Gogh  SUDARSAN CATTAPADHAYA  NATUNPATA  4th YEAR  8 JUNE 2026

বইকথা | চিঠিপত্রে মনের তুলির টানে ভ্যান গগ 

              সুদর্শন চট্টোপাধ্যায়

মুক্তধারা | ৪র্থ বর্ষ | জুন ২০২৬
 

কল্পনার নির্দিষ্ট কোন দিক নেই এবং এ যে সর্বদায় অসীম হয়ে ধরা পড়ে শিল্পীর মনে। সমগ্র বিশ্বের চিন্তাবিদ, আধ্যাত্মিক নেতা এবং বিভিন্ন সৃজনশীল ব্যক্তিদের মধ্যে রঙের প্রতীকবাদ ও প্রকৃতি এক আলোচ্য বিষয়। পল ভন যথার্থই বলেছিলেন, ‘রঙ কী গভীর এবং রহস্যময় এক ভাষা, স্বপ্নের ভাষা’। আর এই রঙের খেলায় মেতে যাঁরা মনের ভাব সুখ – দুঃখ, হাসি – কান্না, প্রেম – বিরহ ক্যানভাসে ক্যানভাসে আত্মপ্রকাশ করেছেন অন্যধারায় নিজস্ব ভাবনায় সামাজিক চেতনায় তাঁরা শিল্পী, চিত্রকর। যেমনটি সকলের পরিচিত ভিনসেন্ট ভ্যান গগ। তিনি ১৮৭২ সালে তাঁর ভাই থিওকে লিখলেন প্রথম চিঠি। শিল্পী মনের ঔদাসীন্য মনোভাবের পরিচয় এই চিঠিগুলি। এমনই ২০০০ এর অধিক চিঠির মূল স্রষ্টা তিনি নিজেই। তাঁর এই লেখা চিঠির ওপর ভিত্তি করে “Quotes from The Letters of Vincent van Gogh” গ্রন্থটি সম্পাদনা করলেন অনির্বাণ রায়।

তাঁর লেখা চিঠি-পত্রগুলির প্রায় ৯০ শতাংশ সংরক্ষিত হয়েছে অ্যামস্টারডামের মর্গান লাইব্রেরী এ্যান্ড মিউজিয়ামে। যেগুলির বেশিরভাগ তাঁর পরিবারের উদ্দ্যেশ্যে যার মধ্যে তাঁর নিজের ব্যক্তিগত জীবনের প্রতিটি পরিস্থিতি সহ বহু ভ্রমণ অভিজ্ঞতা নিহিত। শব্দের মধ্য দিয়ে তিনি তাঁর নিজের মনের বৃত্তান্তকে ছবির মতো তুলে ধরেছেন। তবু তিনি একবার ভাই থিওকে লিখলেন –“I am not such a good hand, at letter-writing as I should like to be.” জীবনের প্রতিটি পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ বিবরণ তাঁর এই চিঠিপত্রগুলি। সেই অভিব্যক্তি ফুটে উঠেছে শব্দের সঙ্গে চিত্রে চিত্রে গ্রন্থের পাতায় পাতায়। 
তাঁর মতে শিল্প হলো, ‘প্রকৃতির সঙ্গে যুক্ত মানুষ’। সেঁসিয়ের লেখা মিইয়ের জীবনীর কথাগুলো ভ্যান গগ্‌কে বেশ নাড়া দেয়। তাঁর মতে, ‘শিল্প হলো সংগ্রাম – শিল্পে তোমাকে প্রাণ পর্যন্ত বাজি রাখতে হবে’। থিওকে লেখা এক চিঠিতে তিনি জানিয়েছেন রঙের প্রতি তাঁর আকর্ষণের কথা। যা তিনি প্রকাশ করেছেন তাঁর চিঠিতে, ‘‘নিশ্চিত জানি রঙের প্রতি আমার একটা সহজ প্রবৃত্তি আছে এবং তা আমার কাছে আরো বেশি বেশি আসবে, এও জানি যে ছবি হলো আমার হাড়ের মজ্জা।’’ রঙের বা বর্ণের যে একটা শক্তি ও মহিমা আছে তা তিনি উপলব্ধি করেছেন। হলুদ রঙ যা শান্তি ও মানসিক বৃদ্ধির সাথে সম্পৃক্ত তা তিনি নিজের করে প্রিয় করে নিলেন। সেই হলদে রং–নিয়ে সবচেয়ে বেশিবার আঁকলেন সূর্যমুখী ফুল। তাঁর অসামান্য একটি ছবি হলো, হলুদ রঙের চেয়ার।
আধ্যাত্মিক চেতনায় ভরপুর হয়ে তিনি সেবাধর্মে মনোযোগী হয়ে পড়েন। একাকীত্ব অনুভূত হলে প্রকৃতি প্রেমকে এক পাশে নিয়ে এক চিঠিতে লিখলেন, ‘‘I need a woman, I cannot, I may not, I will not live without love.” ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে জীবনের হাহাকার থেকে উঠে এসেছিল তাঁর একের পর এক চিত্র যা এক সময় পৃথিবী বিখ্যাত হয়। তাঁর মতে, “. . . humanity is the salt of life; I should not care to live without it, that’s all.” এইসব অসামান্য চিন্তাভাবনা যা ভ্যান গগ চিঠিপত্রে লিখেছিলেন সেইসব চিঠির বিখ্যাত উক্তিগুলি তাঁর বিভিন্ন ছবির সঙ্গে সাযুজ্য রেখে তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। গ্রন্থের মধ্যে যে ছবিগুলি রয়েছে তা দেখলেই ভ্যান গগের জীবনের নিঃসঙ্গতা ফুটে ওঠে। 
তাঁর জীবনের নিঃসঙ্গতার একমাত্র সাথি প্রকৃতি, তাই তিনি বলতে বাধ্য হয়েছেন, ‘‘I love nature too much”. প্রকৃতির মাঝে যে এক চরম শক্তি এবং পরম শান্তি আছে যা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে যার মধ্যে কোনও প্রতারণা নেই, তা তিনি উপলব্ধি করেন। প্রকৃতির সৌন্দর্য্তাকে ভ্যান গগ্‌ বারবার রোমন্থন করেছেন এবং তা ফুটিয়ে তুলেছেন রঙে রঙে ক্যানভাসের গায়ে তুলির টানে সেই বার্তায় গ্রন্থটিকে প্রাণবন্ত করে তুলেছে। সেই চিত্র সংবলিত মনের অভিব্যক্তিগুলি যা চিঠিপত্রে স্থান পেয়েছে সেগুলি সম্পাদক খুব যত্ন সহকারে গ্রন্থটিতে সাজিয়েছেন একের পর এক।
কোনও বিশেষ চিন্তায় আবদ্ধ না থেকে তিনি ছুটে গিয়েছেন মনের টানে কৌতূহলের বশে একস্থান থেকে অন্যস্থানে, একদেশ থেকে অন্যদেশে। মেলাতে চেয়েছেন তাঁর মনের ভাবনা প্রকৃতির সাথে, মানুষের সাথে, শিল্পের সাথে, শিল্পীর সাথে। কখনও পরিবর্তন করেছেন নিজেকে। আকাশের নিচে প্রকৃতির কোলে বসে ছবি আঁকা তাঁর। উজ্জ্বল রঙের সমারোহে মেতেছেন নিজে মাতিয়েছেন সমগ্র বিশ্বকে। ক্ষুধার্ত কৃষক ও দিনমজুরদের নিয়ে তাঁর বিখ্যাত সব চিত্র সহ উক্তিগুলি তুলে ধরা হয়েছে এই গ্রন্থে।
সার্বিকভাবে গ্রন্থটির চিত্র বেশ মনোগ্রাহী এবং নির্বাচিত উক্তিগুলি পাঠকের মনের অন্তরের ভাষা ফলে এটি পাঠক সমাজকে বেশ আকৃষ্ট করবে। প্রতিটি ছবির প্রেক্ষাপট অন্তরের ভাবনাকে জাগিয়ে তুলবে। গ্রন্থের মধ্যে ব্যবহৃত পাতাগুলি এবং উপরের মলাট বেশ প্রশংসনীয়। ছাপার অক্ষর বেশ স্পষ্ট। সার্বিকভাবে গ্রন্থটি পাঠককুলের কাছে বেশ সমাদর পাবে এ কথা দৃঢ়ভাবে বলা যায়। 
Quotes from The Letters of Vincent van Gogh
Ed.  Anirban Ray.  Lekhar Kali.  Kolkata. Rs. 400/-

Comments :0

Login to leave a comment