মনীষীদের অবমাননা করায় বিজেপি’র তীব্র সমালোচনা করেছেন বামফ্রন্ট সভাপতি বিমান বসু। সেই সঙ্গে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
শুক্রবার একটি বিবৃতি দিয়ে বিমান বসু বলেছেন, রাজ্য বামফ্রন্ট গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কিছুদিন ধরে শাসক দলের রাজ্য সভাপতি এবং রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা ও ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা নেতাজী সুভাষচন্দ্র বসু এবং তাঁর প্রতিষ্ঠিত দল সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এই অশোভন মন্তব্য আমাদের রাজ্যের দেশপ্রেমিক জনগণের মনে আঘাত করেছে। রাজ্য বামফ্রন্ট এই অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ করছে ও তা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। একই সঙ্গে রানিগঞ্জে পাঞ্জাবি মোড়ে রাহুল সাংকৃত্যায়নের মূর্তি ভাঙা এবং কলকাতার বুকে ছাত্র সংগঠনগুলির প্রতিবাদ সমাবেশের পালটা কর্মসূচিতে যেভাবে লাল পতাকা ও কবি সুকান্ত ভট্টাচার্যের ছবিকে অমর্যাদার ঘটনা ঘটানো হয়েছে তাকেও তীব্র ধিক্কার জানানো হচ্ছে। এই সমস্ত অপকর্মগুলির বিরুদ্ধে থানাগুলিতে এফআইআর দায়ের করা সত্ত্বেও পুলিশ প্রশাসন এই বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা দাবি করছি, পুলিশকে সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।
আগামী ১০ আগস্ট শ্রমজীবী মানুষের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেছেন, আগামী ১০ আগস্ট শ্রমিক কৃষক খেতমজুর বস্তিবাসী সহ বিভিন্ন সংগঠন শ্রমজীবী মানুষের দাবি নিয়ে যে জেল ভরো আন্দোলনের কর্মসূচি নিয়েছে বামফ্রন্ট তার প্রতিও সমর্থন জ্ঞাপন করছে।
biman bose left front
নেতাজিকে অবমাননায় বিজেপির কড়া নিন্দা বিমান বসুর
×
Comments :0