Boat Capsizes

শ্মশান থেকে ফেরার পথে রায়গঞ্জে নৌকাডুবি, নিখোঁজ এক

জেলা

ফাইল ছবি

আত্মীয়ের শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফেরার পথেই নৌকাডুবির জেরে নদীগর্ভে তলিয়ে নিখোঁজ নীলমণি রায় নামে এক ব্যাক্তি। ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে রায়গঞ্জে। জানা গেছে রায়গঞ্জের সুভাষগঞ্জ ঘোষপাড়া এলাকার বাসিন্দা চঞ্চল রায়ের মৃত্যু হয়। রবিবার সকালে বন্দরের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্য সম্পন্ন করে পরিবারের সদস্য ও আত্মীয়রা কুলিক নদীর খেয়াঘাট থেকে নৌকায় করে ফিরছিলেন। সেই সময় নৌকাটি তীরের কাছাকাছি পৌঁছতেই হঠাৎ ভারসাম্য হারিয়ে ডুবে যায়। উপস্থিত সকলে কোনোভাবে নদী থেকে উঠে আসতে পারলেও প্রায় ৬০ বছরের নীলমণি রায় নদীর জলে তলিয়ে যান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ নীলমণি রায়ের আত্মীয় গোপাল রায় জানান, দাদা চঞ্চল রায়ের দাহের কাজ শেষ করেই নৌকায় ফিরছিলেন। হঠাৎ দুর্ঘটনায় নীলমণি রায় নদীতে তলিয়ে যান। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ মেলেনি। নৌকার মাঝি বিড়িলাল পাসমান জানান, প্রথমে ৭ থেকে ৮ জন যাত্রী নিয়ে নৌকা ছাড়লেও পরে আরও কয়েকজন উঠে পড়েন। সব মিলিয়ে নৌকায় প্রায় ১৫ থেকে ১৬ জন ছিলেন। তিনি অতিরিক্ত যাত্রী না তোলার জন্য সতর্ক করেছিলেন বলেও দাবি করেন। তবুও যাত্রীরা নৌকায় উঠে পড়েন। তীরের কাছাকাছি পৌঁছতেই নৌকাটি ডুবে যায়। প্রায় ৫০ বছরের নৌকা চালানোর অভিজ্ঞতার কথা উল্লেখ করে মাঝি বলেন, তাঁর জীবনে এই প্রথম এমন দুর্ঘটনার মুখোমুখি হতে হলো। একজন মানুষকে নদীর জলে হারিয়ে যাওয়ার এই ঘটনা তাঁকেও গভীরভাবে মর্মাহত করেছে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসনের উদ্যোগে ডুবুরি নামিয়ে কুলিক নদীতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নীলমণি রায়ের কোনো সন্ধান মেলেনি। একদিকে দাদার মৃত্যুর শোক, অন্যদিকে ভাইয়ের খোঁজ পাওয়ার অপেক্ষায় অসহায় পরিবারের। মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবার। 
 

Comments :0

Login to leave a comment