শহরের নাগরিক পরিষেবার বেহাল অবস্থার প্রতিবাদে ১৫ দফা দাবিকে সামনে রেখে শহরের অসংখ্য শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি পৌরসভা অভিযান সংগঠিত করল সিপিআই(এম) সদর পূর্ব ও সদর পশ্চিম এরিয়া কমিটি। ডিবিসি রোডের সুবোধ সেন ভবন জেলা কার্যালয় থেকে জেলা নেতৃত্বের উপস্থিতিতে মিছিল শহর পরিক্রমা করে পৌরসভায় পৌঁছয়।
সেখানে পুলিশি বাধা অতিক্রম করে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। এদিন শ্রমজীবী গরিব মানুষের বসবাসের জমিতে পাট্টা দেওয়ার দাবি মানতে হয়েছে পৌরপ্রধানকে।
বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন, সদর পশ্চিম এরিয়া কমিটির দায়িত্বপ্রাপ্ত সম্পাদক শমীক ভৌমিক, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, শিক্ষক নেতা কৌশিক গোস্বামী। সভাপতিত্ব করেন জেলা নেতা বিপ্লব ঝা। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির নেতা সলিল আচার্য, জেলা সম্পাদক পীযুষ মিশ্র, বিপুল সান্যাল, সুদেবী পাল, শম্পা মজুমদার, রিতা রায় সেনগুপ্ত-সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব।
বিক্ষোভ চলাকালীন ১৫ জনের প্রতিনিধি দল পৌরপ্রধান সৈকত চ্যাটার্জির হাতে ১৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে শহরের অসম্পূর্ণ ও ভগ্ন রাস্তার দ্রুত সংস্কার, বিপজ্জনক কালভার্ট মেরামত, ভূগর্ভস্থ পানীয় জলের ফাটা পাইপলাইন মেরামত, সমস্ত এলাকায় আম্রুত প্রকল্পের জল সরবরাহ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সুষ্ঠু বাস্তবায়ন, ধরধরা নদী, গদাধর ক্যানাল ও নিকাশি নালা পরিষ্কার করে জলাবদ্ধতা দূরীকরণ, বাণিজ্যিক ভবনের অনুমোদন ও রাস্তা নির্মাণে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত, হাউসিং ফর অল প্রকল্পের বকেয়া কিস্তি প্রদান, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা দ্রুত চালু, শহরে গণশৌচাগার ও পার্কিং জোন নির্মাণ, হকারদের পরিচয়পত্র প্রদান ও টাউন ভেন্ডিং কমিটি গঠন, পৌর কর্মীদের নিয়মিত বেতন, পেনশন ও ইপিএফ জমা, ডেঙ্গু-ম্যালেরিয়া রোধে পরিচ্ছন্নতা অভিযান, বাজার ও বাসস্ট্যান্ড সংস্কার, উষসী ভবনের পুনর্গঠন এবং দীর্ঘদিন বসবাসকারী পরিবারগুলিকে পাট্টা প্রদানের দাবি জানানো হয়। পাশাপাশি ১ থেকে ২৫ নম্বর ওয়ার্ডের রাস্তা, নিকাশি, জলাবদ্ধতা ও অন্যান্য স্থানীয় সমস্যার পৃথক তালিকাও জমা দেওয়া হয়।
বিক্ষোভ সভায় নেতৃবৃন্দ অভিযোগ করেন, ভোট লুঠের মাধ্যমে গঠিত বর্তমান পৌরবোর্ড গত পাঁচ বছরে শহরের নাগরিক পরিষেবা উন্নয়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরুত প্রকল্পের জল আজও অধিকাংশ মানুষের কাছে পৌঁছায়নি, কোটি কোটি টাকা ব্যয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কার্যকর ব্যবস্থা গড়ে ওঠেনি, বর্ষায় সামান্য বৃষ্টিতেই শহর জলমগ্ন হচ্ছে।
পৌরপ্রধানের সঙ্গে বৈঠক শেষে দেবরাজ বর্মন ও জেলা সম্পাদক পীযুষ মিশ্র জানান, পাট্টা-সহ পৌরসভার এক্তিয়ারে থাকা বিষয়গুলিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান। রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিও দ্রুত সমাধানের জন্য পৌরসভা উদ্যোগ নেবে বলে তিনি জানিয়েছেন। শহরের বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত হাজার হাজার নাগরিকের স্বাক্ষর-সহ দাবিপত্রও এদিন পৌরসভার হাতে তুলে দেওয়া হয়।
পীযূষ মিশ্র বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি দপ্তর বা শপিং মল, বড় আবাসনের কর আদায় হচ্ছে না। কাজের অভাবে শহরের বাস স্ট্যান্ড পৌরবাজার, বেহাল দশা। পরিকাঠামগত উন্নয়ন হয়নি।
Jalpaiguri Municipality
জলপাইগুড়িতে পৌরসভা অভিযান সিপিআই(এম)’র, পাট্টার আশ্বাস আদায়
মঙ্গলবার জলপাইগুড়ি পৌরসভা অভিযান সিপিআই(এম)’র।
×
Comments :0