Quiz Contest Kalyani CPI-M

কল্যাণীতে সিপিআই(এম)’র অধিবেশন ঘিরে ক্যুইজে ছাত্রছাত্রীরা

রাজ্য জেলা

শনিবার কল্যাণীতে ক্যুইজ প্রতিযোগিতার উদ্বোধনে চিত্রশিল্পী মনীষ দেব।

দল বেঁধে ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নিল স্কুলের ছাত্রছাত্রীরা। কল্যাণীর আমন্ত্রণ কমিউনিটি হলে সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন ঘিরে হয় এই ক্যুইজ। পরের পর্বে সর্বসাধারণ বিভাগেও অংশ নেন শতাধিক প্রতিযোগী। 
কল্যাণীতে ২৯-৩০ আগস্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন হবে। ৩০ আগস্ট জনসভাও হবে। কল্যাণীর ঋত্বিক সদনে এই অধিবেশন ঘিরে এলাকার নামকরণ হয়েছে সীতারাম ইয়েচুরি নগর। অধিবেশন স্থলের নামকরণ হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য মঞ্চ। ২০২৬’র বিধানসভা নির্বাচনের পর্যালোচনা চলছে সিপিআই(এম)’র সব স্তরে। এই মত বিনিময়ের ভিত্তিতে বর্ধিত অধিবেশনে আগামী লক্ষ্য নির্দিষ্ট হবে বলে আগেই জানিয়েছেন পার্টি রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
শনিবার স্কুল স্তরের ক্যুইজে অংশ নেয় ৩০টি স্কুল। কল্যাণী বা নদীয়ার বাইরে থেকেও এসেছিল বেশ কিছু প্রতিযোগী। ক্যুইজ মাস্টার ছিলেন সম্রাট পারিয়াল ও সাগ্নিক গোস্বামী। সর্বসাধারণ বিভাবে ৬০টি টিম অংশ নেয়। প্রতি টিমে ২জন করে প্রতিযোগী ছিলেন। এই বিভাগে প্রতিযোগিতার সঞ্চালক ছিলেন শুভব্রত চক্রবর্তী।
ক্যুইজ প্রতিযোগিতা উদ্বোধন করে বিশিষ্ট চিত্রশিল্পী মনীষ দেব বলেছেন, এই ধরনের প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে জানাবোঝার চর্চা হয়। আজকে ইন্টারনেট অনেক তথ্য সহজে হাজির করছে। তাকে কাজে লাগাতে হবে। তবে এটাও মাথায় রাখতে হবে ইন্টারনেট তৈরি করেছে মানুষই। 


অভ্যর্থনা সমিতির সভাপতি এবং সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য অলকেশ দাস বলেছেন, ক্যুইজে একসঙ্গে দলবেঁধে অংশ নিতে হয়। টিম সম্পর্কে ধারণা হয়। ভবিষ্যতে এগনোর উপাদানও পাওয়া যায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিআই(এম) নদীয়া জেলা কমিটির সদস্য সবুজ দাস। ছিলেন অধ্যাপক সমীর মুখার্জি, সিপিআই(এম) নেতা অমিত অধিকারী, তাপস পারিয়াল প্রমুখ।  
এদিনই মাঝেরচকে হয় রক্তদান শিবিরে ৫৫ জন রক্ত দেন। শিবিরের উদ্বোধন করেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য ও এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। এখানেও ছিলেন অলকেশ দাস ও সবুজ দাস। ছিলেন অসীম দে, রাজু দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ। 
গতকাল, শুক্রবার, কল্যাণীতে হয়েছে জনসভা, অর্থসংগ্রহ এবং আলোচনা সভা। যোগ দিয়েছেন সিপিআই(এম) নেতা শতরূপ ঘোষ, কলতান দাশগুপ্ত।

Comments :0

Login to leave a comment