পশুপালকদের বিপন্ন করার নির্দেশিকা বাতিল, এসআইআর-এ বাদ নামের ভোটাধিকারের দাবিতে ডেপুটেশন হয়েছে জলপাইগুড়ির সব ব্লকে।
জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও দপ্তরে স্মারকলিপি দেওয়ার আগে রাজবাড়ি গেটের সামনে থেকে গ্রামীণ শ্রমজীবী মানুষের বিরাট মিছিল বিডিও অফিসের গেটে পৌঁছে অবস্থান বিক্ষোভ শুরু করে। এই মিছিলে ছিলেন সিপিআই(এম) জেলা সম্পাদক পীযূষ মিশ্র, রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য।
এদিকে এদিন মালবাজারে সিপিআই(এম) কার্যালয় থেকে মিছিল হয়। শহরের ঘড়ি মোড়, স্টেশন রোড, সুভাষ মোড়, জাতীয় সড়ক ধরে মালবাজার বিডিও কার্যালয়ে আসে।
নেতৃবৃন্দ বলেন, রাজ্য সরকারের সার্কুলারে গ্রামীণ পশুপালকরা আতঙ্কিত। বিজেপি এখন কেন্দ্রে ও রাজ্যের সরকারে। ভোটের আগে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে এসআইআর’র নাম করে। অবিলম্বে বাদ যাওয়া সব ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তৃণমূল সরকারের মেয়াদে গরিব মানুষের হাত থেকে কেড়ে নেওয়ার জমি ফিরিয়ে দিতে হবে। জমির মালিককে তাদের সুনির্দিষ্ট খতিয়ান তাদের হাতে পৌঁছে দিতে হবে। ধর্ম নিয়ে রাজনীতির অনেক হলো, এবার সরকার মানুষের জন্য কাজ করুক।
সদর ব্লকে বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সিপিআই(এম) নেতা অমূল্য রায়। বক্তব্য রাখেন শিক্ষক নেতা বিপ্লব ঝা, সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, সদর পূর্ব এরিয়া কমিটি পার্টি নেতৃত্ব শুভেন্দু সাহা, কৃষক নেতা বিশ্বজিৎ মহন্ত।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জামিনার আলি, সুবীর রায়, পীযূষ মিশ্র। তাঁরা বলেন, পশু চিকিৎসক নিয়োগ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য পশুপালকদের সহায়তা করতে হবে।
পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্ত সদর ব্লকের বিভিন্ন এলাকার মানুষকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং সীমান্ত সমস্যা নিরসনে প্রশাসনকে উদ্যোগী হওয়ার দাবি তুলে ধরা হয় স্মারকলিপিতে।
সদর ব্লকের বিডিও স্মারকলিপি গ্রহণের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পাঠাবেন বলে জানান।
ময়নাগুড়িতেও সিপিআই(এম) কারযালয় অফিস থেকে মিছিল শুরু হয়ে বিডিও অফিসে ৩ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলী সদস্য হরিহর রায় বসুনিয়া, জেলা কমিটির সদস্য জ্যোতি প্রকাশ ঘোষ, তিনটি এরিয়া সম্পাদক বিমল রায়, অপূর্ব রায়, রঞ্জিত সরকার প্রমুখ। জেলার সমস্ত ব্লকেই বিডিও দপ্তরে জমায়েত করে স্মারকলিপি প্রদান করা হয় বলে জানান নেতৃবৃন্দ।
শুক্রবার দুপুরে সিপিআই(এম) মাল এরিয়া কমিটির তরফে একই দাবিকে সামনে রেখে মালবাজার বিডিও কার্যালয়ে এসে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন কর্মসূচিতে সিপিআই(এম) মাল এরিয়া কমিটির নেতৃবৃন্দ। ছিলেন ছাত্র-যুব-মহিলারা।
সিপিআই(এম) মাল এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত বলেছেন, "বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে গবাদি পশু নিয়ে অহেতুক হয়রানি, এসআইআর-এ বাদ সকলকে ভোটার তালিকায় ফিরিয়ে আনা এবং নদী কেন্দ্রিক দৈনন্দিন কাজের সমস্যার সমাধানের দাবিকে কেন্দ্র করেই এদিন ডেপুটেশন দেওয়া হয়।
বিডিও-র অনুপস্থিতিতে জয়েন্ট বিডিও তৌফিক আলিকে দাবি জানাতে হয়। এরপর ডেপুটেশন দেওয়া হয় ব্লক প্রশাসনের কাছে। এদিনের ডেপুটেশনে ছিলেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা কমিটির নেত্রী গোলেজান সরকার, অঞ্জু দে, সুপর্ণা দত্ত, সমীর ঘোষ, দীপক ঘোষ সহ নেতৃবৃন্দ।
Comments :0