সিপিআই(এম) ভাঙড় ১ এরিয়া কমিটির উদ্যোগে ৬ দফা দাবিতে শনিবার চন্দনেশ্বর থানায় ডেপুটেশন দেওয়া হয়। এই ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় সুবিশাল মিছিল পরিক্রমা করে। চন্দনেশ্বর হাইস্কুল মাঠে মিছিল শেষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক রতন বাগচী, তুষার ঘোষ, সায়ন ব্যানার্জি, আজিজার রহমান, পার্টির এরিয়া কমিটির সম্পাদক আবিদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন পার্টি নেতা মোকারজেল মোল্লা। সভা থেকে আবিদ হোসেন’র নেতৃত্বে ৯ জনের এক প্রতিনিধি দল ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করে আলোচনা করেন।
সিপিআই(এম) নেতৃবৃন্দের অভিযোগ, চন্দনেশ্বর ১ গ্রাম পঞ্চায়েত ও দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেআইনিভাবে সরকারি জায়গায় দেদার গাছ কেটে বিক্রি ও মাটি বিক্রি করে টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ২টি গ্রাম পঞ্চায়েত এলাকায় টাকা আত্মসাৎ’র পরিমাণ প্রায় ২ কোটি ৪৫ লক্ষ টাকা। আবাসন প্রকল্প পাইয়ে দেওয়ার নামে ১টি বুথ থেকে প্রায় ১৮ লক্ষ টাকা তোলা হয়েছে। আত্মসাৎকারী তৃণমূলের নেতা, উপপ্রধান, সদস্যদের কাছ থেকে গাছ বিক্রি ও মাটি বিক্রির টাকা উদ্ধার করে সরকারি কোষাগারে জমা করতে হবে। আবাসন প্রকল্পের নামে নেওয়া কাটমানির টাকা উদ্ধার করে উপভোক্তাদের ফিরিয়ে দিতে হবে। মিথ্যা মামলায় ফাঁসানোর বিরুদ্ধে ন্যায্য তদন্ত করতে হবে। ইঞ্জিন ভ্যান, অটো ও টোটো চলাচলে বিকল্প ব্যবস্থা, এসআইআর’র নামে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া প্রকৃত ভোটারদের নাম অন্তর্ভূক্ত করার দাবি জানানো হয়েছে ডেপুটেশনে।
Comments :0