agnimitra paul building materials

বরানগরে শিশুমৃত্যুতে নড়ল টনক, রাস্তায় নির্মাণ সামগ্রী রাখলে জরিমানা, বললেন অগ্নিমিত্রা

রাজ্য

রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখলে জরিমানা নেবে রাজ্য। রবিবার শিলিগুড়িতে সংবাদমাধ্যমে একথা বলেছেন রাজ্যের পৌর ও নগরোন্নয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 
গতকাল, শনিবার, বরানগরে বিটি রোডের ওপর পথ দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়। তীব্র ক্ষোভ ছড়ায় গোটা এলাকায়। স্থানীয়েরা জানান, ব্যস্ত রাস্তার ওপর নির্মাণ সামগ্রী ফেলে রাখায় ঘটে মর্মান্তিক ঘটনা। প্রশ্নের মুখে পড়ে প্রশাসনের ভূমিকা।
এদিন শিলিগুড়ির পৌর ভবনে সাংবাদিক সম্মেলন করেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন, ‘‘শুনছি যে রাস্তায় বালি-ইট ফেলে রেখে যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা ‘পেনাল্টি’ শুরু করব। ১ সেপ্টেম্বর থেকে ‘পেনাল্টি’ শুরু হচ্ছে।’’ 
তিনি বলেছেন, ‘‘যে বাড়ি হচ্ছে তার জমির ভেতরেই নির্মাণ সামগ্রী রাখুন। রাস্তাটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। সেখানে ইট বালি ফেলে রাখবে, এটা কোনোভাবেই অনুমোদন যোগ্য নয়।’’ 
নির্মাণ সামগ্রী রেখে রাস্তায় বাধা রোধ করার বিধি বরাবরই আছে। প্রশ্ন উঠেছে, সেই বিধি প্রয়োগ করা হচ্ছে না কেন।
অগ্নিমিত্রা পাল বলেছেন, ‘‘যেখানে যেখানে খালি জমি আছে, কেউ খালি জমি কিনে রেখেছে, ৩০ বছর বাদে বাড়ি বানাবে। সেখানে ঝোপঝাড় নালা নর্দমা জল জমবে। সেখানে ডেঙ্গু ম্যালেরিয়া মে মশা হবে তা বরদাস্ত করা হবে না। ফাঁকা জমি পরিষ্কার রাখার দায়িত্ব জমির মালিককেই নিতে হবে।’’
মন্ত্রী বলেছেন যে তারাতলার ঘটনার পর বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। বাড়ি তৈরির আগে সরকারি আধিকারিকরা যাবেন, বিল্ডিং প্ল্যান দেখবে, তারপরেই কাজ শুরু হবে। তিনি বলেন, ‘‘যেখানে অবৈধ নির্মাণ হয়েছে, সরকারি আইন মানা হয়নি, কোন প্ল্যান নেই সেখানে বাড়ি ভাঙা হবে। এছাড়াও বড় অঙ্কের টাকা জরিমানা করা হবে।’’
তবে রাজ্যের সরকারে আসীন বিজেপি’র ঘনিষ্ঠদের ক্ষেত্রে এই নীতি প্রয়োগ করা হবে কিনা বিভিন্ন অংশেই তা নিয়ে প্রশ্ন রয়েছে।  
হকার উচ্ছেদ সম্পর্কে অগ্নিমিত্রা পাল বলেন, "ফুটপাতে যে হকাররা বসে রয়েছে তাদের পুজো পর্যন্ত সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। হকার যদি গোটা ফুটপাত দখল করে বসে তাহলে আমাদের আপত্তি আছে। অসুবিধা আছে। বর্তমানে সব থেকে বেশি মৃত্যু পথ দুর্ঘটনায় হচ্ছে। তার আরও কারণ  ফুটপাত দিয়ে মানুষ যেতে পারছেন না, বয়স্ক মানুষ ছাত্র-ছাত্রীরা রাস্তা দিয়ে যেতে বাধ্য হচ্ছে। ফলে দুর্ঘটনা হচ্ছে। 
মন্ত্রী বলেছেন যে দুই তৃতীয়াংশ জায়গা ছেড়ে ফুটপাতে বসতে হবে হকারদের। বড় বড় দোকানের সামনে জায়গা খালি রাখতে হবে।

Comments :0

Login to leave a comment