Bamboo Bridge Collapse

বাঁশের সাঁকো ভেঙে বিপাকে ইছামতির দুই পাড়ের মানুষ

জেলা

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের ইছামতি নদীর উপর টিপি-কাটাবাগান সংযোগকারী বাঁশের সাঁকো ভেঙে বিপাকে পড়েছেন দুই পাড়ের কয়েক হাজার মানুষ। মঙ্গলবার সকালের ঘটনা। ফি বছরের মতো এবারও কচুরিপানার চাপে সাঁকোটির একটি বড় অংশ ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে যায় যাতায়াত। ফলে ছাত্রছাত্রী, অসুস্থ রোগী, কৃষক, অফিসযাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইছামতি নদীর একদিকে টিপি এবং অন্যদিকে কাটাবাগান। দুই এলাকার মানুষের যোগাযোগের অন্যতম ভরসা এই বাঁশের সাঁকো। প্রতিদিন বহু মানুষ এই সাঁকো ব্যবহার করে যাতায়াত করেন। নদী পারাপারের ক্ষেত্রে সাঁকোটি বন্ধ হয়ে যাওয়ায় এখন বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, সাঁকো দিয়ে সরাসরি নদী পার হওয়া সম্ভব না হলে বিভিন্ন কাজে ঘুরপথে যেতে হবে। বিশেষ করে অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া, পড়ুয়াদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষকদের চাষের কাজে নদীর ওপারে যাওয়ার ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হয়েছে। তাদের অভিযোগ, অনেক ক্ষেত্রে প্রায় ৩০ কিলোমিটার ঘুরে যেতে হবে।
বাসিন্দাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই নদীর উপর একটি স্থায়ী কংক্রিটের সেতুর দাবি জানিয়ে আসছেন তাঁরা। তৃণমূল সরকারের আমল থেকে বারবার সেতু তৈরির দাবি জানানো হলেও এখনও পর্যন্ত বাস্তবে কোনও কাজ হয়নি। প্রতিবারই আশ্বাস মিলেছে, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাদের। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার পর ফের নতুন করে কংক্রিটের সেতুর দাবি জোরালো হয়েছে। স্থানীয়দের বক্তব্য, প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ পথটিতে দ্রুত স্থায়ী সেতু তৈরি না হলে আগামী দিনে আরও বড় দুর্ভোগ তৈরি হতে পারে।

Comments :0

Login to leave a comment