Beaten to Death

কংগ্রেস সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ আসানসোলে

জেলা

এক কংগ্রেস সমর্থককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের নাম দেবদীপ চ্যাটার্জি(৪২)। আসানসোল অনন্যা অ্যাপার্টমেন্টের বাসিন্দা দেবদীপ আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডির প্রতিবেশী ছিলেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রে অনন্যা অ্যাপার্টমেন্টের কাছে। স্ত্রী পুত্রকে নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। বাসস্থানের কাছে কতিপয় দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে প্রহার করে। তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয়। মাথার পিছনে আঘাত লাগে। পরিবারের লোকেরা তাঁকে বাড়িতে নিয়ে যান। সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় তাঁর মৃত্যু হয়েছে। শনিবার ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা মৃতদেহ আানসোল পুলিশ ফাঁড়িতে রেখে বিক্ষোভ দেখান। মৃতের স্ত্রী এই বিষয়ে তৃণমূল কাউন্সিলর অনিমেশ দাসের ঘনিষ্ঠদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তবে, অনিমেশ দাস এই অভিযোগ অস্বীকার করেছেন এবং এই ঘটনা সম্পর্কে কোনো কিছু জানার কথাও অস্বীকার করেছেন। ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কংগ্রেসের পক্ষ থেকে খুনের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। পুলিশের এসিপি (সেন্ট্রাল) আবদুল গফ্‌ফর বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Comments :0

Login to leave a comment