Dengue

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, উদ্বিগ্ন হাওড়ার মানুষ

জেলা

বৃষ্টির জমা জলের হাত থেকে রেহাই পেলেও নতুন করে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হাওড়াবাসী। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে হাওড়া কর্পোরেশন এলাকায় ১২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সেপ্টেম্বর মাসের শেষে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন শহরবাসী। এখনই  ডেঙ্গু প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা না নিলে ভয়াবহ অবস্থা তৈরি হবে বলে মনে করছেন বহু মানুষ।
মশার উপদ্রব বহু গুনে বেড়েছে হাওড়া শহরে বলে জানালেন হাওড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে চরম উদাসীন হাওড়া কর্পোরেশন। আগে মশা মারার তেল বাড়ি বাড়ি এসে দেওয়া হতো। বর্তমানে আর পৌরসভা থেকে বাড়ি বাড়ি এসে মশা মারার তেল দেওয়া হয়না। কর্পোরেশন সূত্রে জানা গেছে বাড়ি বাড়ি মশা মারার তেল দেওয়ার কাজে যুক্ত কর্মীর সংখ্যা তিন শতাধিক হলেও বাস্তবে কাজ করেন মাত্র এক শতাধিক কর্মী। ৫০ টি ওযার্ড যা অপ্রতুল।
প্রতি বছর এই সময়ে হাওড়া কর্পোরেশন এলাকায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। দীর্ঘদিন হাওড়া কর্পোরেশনে নির্বাচিত পৌর বোর্ড না থাকায় কম সংখ্যক কর্মী নিয়ে জমা জল থেকে লার্ভার বাড়বাড়ন্ত ইত্যাদি দেখাশোনা করার কাজে নজরদারি কমেছে। দীর্ঘ কয়েক বছর ধরে হাওড়া শহরে নিয়মিত নালা নর্দমা পরিস্কার না হবার ফলে জমা জলে এলাকায় মশার উপদ্রব বেড়েছে। রাস্তার ধারে থাকা জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিস্কার না হবার ফলে ভ্যাটের মধ্যে জল জমে থাকছে। সেখানেও মশার উপদ্রব বাড়ছে। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে হাওড়া কর্পোরেশন এলাকায়। হাওড়া কর্পোরেশনের বহু এলাকায় জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে কর্পোরেশন সূত্রে জানা গেছে। কর্পোরেশনের পক্ষ থেকে শুধুমাত্র সচেতনতা বৃদ্ধি করা এবং ডেঙ্গু প্রধান এলাকায় সামান্য মশা মারার তেল দেওয়া ও আক্রান্তদের কিড দেওয়া ছাড়া আর কোন ব্যবস্থা নেওয়া হয় নি বলে অভিযোগ। 
দীর্ঘদিন ধরে নালা নর্দমা পরিস্কার না হওয়ায় সেখানে জল জমে থাকায় ডেঙ্গি মশার লার্ভা জন্ম নিচ্ছে। বাড়ি বাড়ি অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা গেলেও শুধুমাত্র কারুর জ্বর হয়েছে কিনা তা জেনেই তাদের দায়িত্ব পালন করছেন। বাড়ির মধ্যে জমা জল বা বাড়ির সামনের নালা নর্দমার জমা জল সরানোর কোন ব্যবস্থা তারা করছেন না বলে জানান বাসিন্দারা। বর্তমানে হাওড়া শহর জুড়ে গড়ে উঠেছে বেআইনী বহুতল। কোথাও কোথাও নালা নর্দমা বন্ধ করে গড়ে উঠেছে বহুতল। শহরের নালা নর্দমা সংস্কার না করার ফলে জল রাস্তায় এমনকি নালা নর্দমায় জমে থাকছে দীর্ঘদিন। জমা জলেই মিলছে ডেঙ্গি মশার লাভা। মশা মারার তেল নিয়মিত না দেওয়ায় ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। কর্পোরেশনের স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা না পাওয়ায় অনেকেই বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে বাধ্য হচ্ছেন। হাওড়া কর্পোরেশন এলাকায় অবিলম্বে নিকাশি ব্যবস্থা, পুরসভার স্বাস্থ্য বিভাগের পরিকাঠামোর উন্নয়ন, পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণের উন্নয়ণ করার দাবি শহরবাসীর।

Comments :0

Login to leave a comment