Dinhata Gang Raped Case

বিক্ষোভের জেরে দিনহাটায় গ্রেপ্তার ধর্ষণে অভিযুক্ত পাঁচ নাবালক

রাজ্য জেলা

দিনহাটা শহর লাগোয়া গ্রামের সাত বছরের কিশোরীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় গণতান্ত্রিক মহিলা সমিতির আন্দোলনের চাপে বৃহস্পতিবার ৫ অভিযুক্ত নাবালককেই গ্রেপ্তার করলো দিনহাটা থানার পুলিশ। নির্যাতিতার মা যে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী সুজাতা চক্রবর্তী বলেন, পুলিশের তৎপরতায় আমরা খুশি। তবে অভিযুক্তরা যাতে আইনের ফাঁক গলে মুক্তি পেয়ে না যায় সেটা পুলিশ দেখুক। ওই কিশোরীর পরিবারের পাশে আমাদের সংগঠন ছিল, আছে, থাকবে। অভিযুক্তদের গ্রেপ্তারের খবর শুনে নির্যাতিতার মা এদিন সাংবাদিকদের বলেন, ‘‘আমার সাত বছরের মেয়ের উপর ঘটে যাওয়া অত্যাচারের ঘটনা চাপা দিতে বিজেপির নেত্রী শাবানা খাতুন ২০ হাজার টাকা নিয়ে রফা করার জন্য চাপ দিয়েছিল। শাসক দলের নেত্রী বলেই তার কথায় শঙ্কায় ছিলাম, ভেবেছিলাম অভিযুক্তদের হয়তো শাস্তি দেওয়া যাবেনা। তবে তা সম্ভব হল মহিলা নেত্রীরা পাশে দাঁড়ানোয়। এবার ওদের শাস্তি চাই।’’
এই প্রসঙ্গে সিপিআই(এম) নেতা শুভ্রালোক দাস বলেন, ‘‘যে বিজেপি নেত্রীর বিরুদ্ধে নির্যাতিতার মা টাকা নিয়ে রফার অভিযোগ করেছেন সেটা সমাজমাধ্যমে আমিও দেখেছি। পুলিশ এ বিষয়টিও তদন্ত করে দেখুক। কারণ ওই নেত্রীর বিরুদ্ধে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর দিনহাটার ওকরাবাড়িতে এক তরুনীর বাড়ি ভাঙচুর এবং ওই গ্রামের আরেক মহিলার থেকে টাকার দাবি করার অভিযোগও রয়েছে।’’
বারবার একই নেত্রী বিতর্কে জড়ানোয় অস্বস্তিতে বিজেপি জেলা নেতারাও। এই প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতির দাবি, ‘‘অন্যায় করলে তার সাজা হবে। বিজেপি করলে ছাড় মিলবে না।’’
 

Comments :0

Login to leave a comment