তিন মাসের দীর্ঘ বন্ধের পর বুধবার পর্যটকদের জন্য ফের ডুয়ার্সের সমস্ত জঙ্গল খুলে গেল। বন্যপ্রাণীদের প্রজননকালীন সুরক্ষার কারণে ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি বছর জঙ্গল বন্ধ থাকে। নিয়ম মেনে এদিন থেকে জঙ্গল খুললেও ফের পর্যটকদের প্রবেশমূল্য দিয়ে জঙ্গলে ঢুকতে হবে। বনদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শুক্রবার থেকে সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক পিছু ২০০ টাকা করে প্রবেশমূল্য নেওয়া হবে।
বুধবার লাটাগুড়িতে বনাধিকারিক, জঙ্গল সাফারি গাইড এবং রিসর্ট মালিকদের সাথে গরুমারা বন্যপ্রাণ বিভাগের এডিএফও রাজীব দে বৈঠক করেন। বৈঠকেই প্রবেশমূল্য ফের চালুর সিদ্ধান্ত জানানো হয়। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন রাজ্য সরকার জঙ্গলে পর্যটকদের প্রবেশমূল্য মকুব করেছিল। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ফের টাকা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে জঙ্গল খুলতেই পর্যটকদের খরচের সঙ্গে নতুন এই ব্যয় যুক্ত হল।
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর ছুটি ঘিরে ডুয়ার্সের জঙ্গল, পাহাড়, নদী ও বন্যপ্রাণী দেখতে পর্যটকদের ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। টানা তিন মাস জঙ্গল বন্ধ থাকায় পর্যটনের সঙ্গে যুক্ত জিপসি চালক, গাইড, রিসর্ট ও হোটেল ব্যবসায়ীদের বড় অংশই মরশুম শুরুর অপেক্ষায় ছিলেন। জঙ্গল খোলায় তাঁরা স্বস্তি পেলেও প্রবেশমূল্য ফের চালুর প্রভাব পর্যটকদের উপর কতটা পড়বে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
বনদপ্তর সূত্রে জানা গেছে, প্রজননকালীন বন্যপ্রাণীদের সুরক্ষা এবং বনাঞ্চলের পরিবেশ রক্ষার কারণেই প্রতিবছর নির্দিষ্ট সময় জঙ্গল বন্ধ রাখা হয়। সেই নিয়ম শেষ হওয়ার পর এবার পুজোর মুখে পর্যটনের দরজা খুলল, একই সঙ্গে প্রবেশ মূল্যও ফিরল।
Dooars Forests
খুলল ডুয়ার্সের জঙ্গল, ফিরল প্রবেশমূল্য
×
Comments :0