তোলা না দেওয়ায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে বর্জ্য থেকে সার তৈরির কারখানায় হামলা ও শ্রমিকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি-র দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, রাতের অন্ধকারে কয়েকজন শ্রমিককে তুলে নিয়ে গিয়ে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁদের দমদম বিধানসভা এলাকার বিজেপি বিধায়কের দপ্তরে নিয়ে গিয়ে আটকে রাখা এবং কাজে ফিরলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনার জেরে কয়েক দিন কারখানার কাজ বন্ধ ছিল। পুলিশের আশ্বাসে মঙ্গলবার ফের কারখানা চালু হলেও আতঙ্ক কাটেনি। এদিনও সব শ্রমিক-কর্মচারী কাজে যোগ দিতে পারেননি।
বরানগর, দক্ষিণ দমদম, উত্তর দমদম ও নববারাকপুর পুরসভার বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত এই কারখানাটি স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)-র অনুমোদিত একটি বেসরকারি সংস্থা পরিচালনা করে। সংস্থার অভিযোগ, স্থানীয় বিজেপি নেতার অনুগামী কয়েকজন তোলা দাবি করছিল। সেই দাবি না মানায় শ্রমিকদের ভয় দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, গত রবিবার দমদম থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করে বলে তাঁদের দাবি। পরে ই-মেলের মাধ্যমে থানায় অভিযোগ পাঠানো হয়। মঙ্গলবার আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সংস্থার কর্তৃপক্ষ।
ম্যানেজিং ডিরেক্টরের অভিযোগ, কারখানা বন্ধ করে দেওয়ার জন্য সিঙ্গুরের মতো পরিস্থিতি তৈরি করার হুমকিও দেওয়া হয়েছে। তাঁর দাবি, তোলা আদায়ের পাশাপাশি সংস্থার দক্ষ শ্রমিকদের সরিয়ে নিজেদের লোকজনকে কাজে ঢোকানোর চাপ দেওয়া হচ্ছে। বর্জ্য থেকে সার তৈরির কাজে কারখানার শ্রমিকরা দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে কাজ করছেন এবং তাঁদের তৈরি সার কৃষকরাও ব্যবহার করেন বলে জানিয়েছেন তিনি।
২০২১ সাল থেকে কারখানাটি চলছে। বর্তমানে তার সম্প্রসারণের কাজও চলছিল। বরানগর, দক্ষিণ দমদম, কামারহাটি ও উত্তর দমদম পৌরসভার সীমানা লাগোয়া বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে দমদম থানার এলাকায় কারখানাটির অবস্থান।
সংস্থার অভিযোগ, কয়েকজন শ্রমিককে রাতে তুলে নিয়ে যাওয়ার পর তাঁদের ফোন কেড়ে নেওয়া হয় এবং দমদম বিধানসভা এলাকার বিজেপি বিধায়কের দপ্তরে নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ আটকে রাখা হয়। সেখানে কাজে ফিরলে প্রাণ চলে যাবে বলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
পুলিশের আশ্বাসের পর মঙ্গলবার কারখানা ফের চালু হয়েছে। তবে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ ঘিরে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। আতঙ্কের কারণে বহু শ্রমিক কাজে ফিরতে পারেননি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
Extortion Belgharia BJP
তোলা না দেওয়ায় কারখানায় হামলার
×
Comments :0