Free service for women introduced but not enough buses, anger in Cooch Behar

মহিলাদের বিনামূল্যে পরিষেবা চালু হলেও নেই পর্যাপ্ত বাস, ক্ষোভে কোচবিহারে

রাজ্য জেলা

এনবিএসটিসি কোচবিহার কেন্দ্রীয় বাস টার্মিনাসে দাঁড়িয়ে থাকা বাস। ছবি: অমিত কুমার দেব।

জুন মাসের প্রথম দিন থেকেই নিখরচায় সরকারি বাস চড়ার সুবিধা পেতে শুরু করেছেন এরাজ্যের মহিলারা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোচবিহার জেলার অভ্যন্তরে বেশিরভাগ পকেট রুটেই দীর্ঘদিন ধরে বন্ধ এই সরকারি বাস চলাচল। রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে জেলার যে সকল রুটে প্রতিনিয়ত বাস চলাচল করত, তার অধিকাংশই বন্ধ হয়ে গেছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের আমলে। রাজ্যের নতুন সরকার মহিলাদের জন্য এই সুবিধার ব্যবস্থা করলেও কোচবিহার জেলায় মহিলাদের বিনামূল্যে বাসে যাতায়াতের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা সরকারি বাসের অপ্রতুলতা। তাই সরকারি পরিবহণ ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে আগে তৎপর হওয়া উচিত ছিল এই সরকারের বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
  সূত্রে খবর, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে বিগত দু বছরে ১৫বছরের পার করে আসা ২৫০টির বেশি বাস বাতিল ঘোষণা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। পরবর্তীতে প্রায় বেশ কিছু নতুন বাস কিনেছে এনবিএসটিসি। এই মুহূর্তে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সচল বাসের সংখ্যা ৭৫০ এর কাছাকাছি। কিন্তু পর্যাপ্ত পরিবহণ কর্মীর অভাবে এই সবকটি বাসকে রাস্তায় নামাতে ব্যর্থ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ কর্তৃপক্ষ। প্রতিদিন গড়ে প্রায় ৫৫০টি বাস রাস্তায় নামাতে সক্ষম হচ্ছে কর্তৃপক্ষ। 
  বিগত ১৫বছরে জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত অধিকাংশ এলাকাতেই বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এর মধ্যে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিপুল পরিমাণ রুটে বাস চলাচল করে না এই এনবিএসটিসি-র। এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়রাংরস বাউদিয়ারডাঙ্গা থেকে কোচবিহার শহর, থানেশ্বর থেকে কোচবিহার শহর মরিচবাড়ি এলাকা থেকে কোচবিহার শহর খাপাইডাঙ্গা কালজানি এলাকা থেকে কোবিহার শহর। এই সমস্ত রুটে প্রতিদিন একটি করে বাস যাতায়াত করত বাম আমলে কিন্তু ধীরে ধীরে এই রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এনবিএসটিসি-র পক্ষ থেকে। 
 এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কালজানি বাজার থেকে বানেশ্বর ভায়া ছাগলবেড় ভায়া ঢাংঢিংগুড়ি হয়ে পুন্ডিবাড়ি পর্যন্ত সরকারি বাস চলাচলের দাবি দীর্ঘদিনের কিন্তু এই দাবিও পূরণ করা হয়নি অথচ এই পুন্ডিবাড়ি এলাকাতেই অবস্থিত কোচবিহার ২নং ব্লক দপ্তর, থানা এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সরকারি অবহেলায় খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের প্রায় ১৬কিলোমিটারের এই পথ অতিক্রম করে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাবার ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগের মুখে পড়তে হয় প্রতিনিয়ত। 
 অন্যদিকে, রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে কোচবিহার-আলিপুরদুয়ার সীমান্ত সোনাপুর এলাকা থেকে পুন্ডিবাড়ি হয়ে কোচবিহার শহরে যাতায়াতের ক্ষেত্রে আধঘন্টা পর পর বাসের ব্যবস্থা ছিল এনবিএসটিসি-র। কিন্তু রাজ্যের তৃণমূলের শাসনে এই রুটে বাস চলাচল পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অত্যন্ত অমানবিক ভাবে। এধরনের ছবি কোচবিহার জেলার প্রায় সর্বত্র।
  এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোচবিহার জেলার প্রান্তিক অংশের মহিলারা বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াতের এই সুযোগ থেকে বঞ্চিতই থেকে যাবে বলে মনে করা হচ্ছে। কারণ এই অংশের মানুষের যাতায়াতের মূল ভরসা বেসরকারি পরিবহণ। তাই জেলার বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ রূপে পুনরায় এই সরকারি বাস পরিষেবা চালু করার দাবি উঠছে জেলা জুড়ে।

Comments :0

Login to leave a comment