পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টি এবং ভুটান থেকে নেমে আসা প্রবল নদীর জলে ফের ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার জেলার শিসামারা নদী এলাকায়। গতকাল গভীর রাতে নদীর অস্থায়ী বাঁধ ভেঙে নতুন পাড়া এলাকায় জল ঢুকে প্লাবনের সৃষ্টি হয়। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
আলিপুরদুয়ার ১নং ব্লকের সোনাপুর ফাঁড়ির পুলিশ মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনও মুহূর্তে নদীর জল আরও বৃদ্ধি পেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। তাই মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে এবং ফ্লাড সেন্টারে থাকার জন্য আবেদন জানানো হচ্ছে।
গত বছরের ভয়াবহ বন্যার স্মৃতি এখনও তাজা স্থানীয়দের মনে। সেই সময় বহু সুপারি বাগান, চাষের জমি ও বসতবাড়ি নদীর জলের তোড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারিভাবে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত কার্যকর করার কোনও উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। ফলে প্রতি বর্ষাতেই নতুন করে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে নদী সংলগ্ন এলাকার মানুষদের।
স্থানীয় বাসিন্দাদের দাবি, জলদাপাড়া সংলগ্ন এই নদী এলাকায় বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থায়ী ও শক্তিশালী বাঁধ নির্মাণ করতে হবে। পাশাপাশি নদীর ধারে গড়ে ওঠা হোম-স্টে গুলিকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অনুমতি দেওয়ারও দাবি উঠেছে। কারণ নদীর পাড় ঘেঁষে নির্মাণের ফলে মাটি আলগা হয়ে নদীর গতিপথ ও পরিবেশের ক্ষতি হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের।
মানুষের অভিযোগ, সরকার বদলাচ্ছে, প্রতিশ্রুতিও মিলছে বারবার, কিন্তু বাস্তবে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। প্রতি বছর নদীর জলের তোড়ে বহু পরিবারকে চরম দুর্ভোগ ও ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এখন দেখা যাক কবে সমস্যা মিটবে।
Alipurduar
পাহাড়ে ভারী বৃষ্টি জেরে ভাঙলো অস্থায়ী বাঁধ, এলাকায় প্লাবন, আতঙ্কে স্থানীয়রা
ছবি- আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া সংলগ্ন শিশামারা বাঁধ ভাঙার ফলে প্লাবিত।
×
Comments :0