সরকার বদলের পর থেকে বন্ধ প্রতিবন্ধী ভাতা। একাধিক প্রতিশ্রুতি দিলেও রাজ্যের বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। প্রতিবন্ধী মানবিক ভাতা ফের চালু করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী।
পূর্ববর্তী সরকার প্রতিবন্ধী মানবিক ভাতা মাত্র ৫০০ টাকা বৃদ্ধি করলেও গত তিন মাস ধরে প্রতিবন্ধী ব্যক্তিরা কেউই ভাতা পাচ্ছেন না। অর্থাৎ এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে দেড় হাজার টাকার ঘোষণা করা হলেও, গত দুই থেকে তিন মাস যাব প্রতিবন্ধী ব্যক্তিরা সেই ভাতার টাকা পাচ্ছেন না। তারই প্রতিবাদে পথে নেমে সরকারের কাছে জবাব চাইতে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর পক্ষ থেকে ১২ আগস্ট করুণাময়ীর শুভান্ন ভবনের সামনে বিক্ষোভ করবে। মানবিক ভাতা ৫ হাজার টাকা করার দাবীতে এবং মানবিক ভাতা ৩ মাস বন্ধ থাকার বিরুদ্ধে এই সমাবেশ আহ্বান করা হয়েছে। এছাড়াও নতুন করে কোনও প্রতিবন্ধী ব্যক্তি আর ভাতাও পাচ্ছেন না।
বিজেপি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল মানবিক ভাতা বৃদ্ধি করে ২ হাজার টাকা করবে। কিন্তু সরকার গঠনের পর তারা ২ হাজার টাকা মানবিক ভাতা প্রদান করার প্রতিশ্রুতি রাখেনি। কিন্তু অন্যান্য অনেক রাজ্যে প্রতিবন্ধী ভাতা ২ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ১২ আগস্ট প্রতিবন্ধী কমিশনার এবং সমাজকল্যাণ দপ্তরের আধিকারিকদের স্মারকলিপি প্রদান করা হবে এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
উল্লেখ্য, রাজ্যের প্রায় ২৭ লক্ষ ব্যক্তির নাম এসআইআর'র মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। অনেক প্রতিবন্ধী ব্যক্তিও ভোটার লিস্টে না থাকার কারণে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না অথবা নতুন করে প্রতিবন্ধী ভাতার জন্য নথিভুক্ত হচ্ছেন না। এই অবস্থায় সর্বোচ্চ আদালতে সংগঠনের পক্ষ থেকে মামলা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
Comments :0