আমেরিকার কংগ্রেসে ‘মিড টার্ম’ ভোটে বিরোধী ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে ‘ভেটো’ প্রয়োগ করার হুমকি দিলেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
একাধিক সমীক্ষায় গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। নিউ ইয়র্ক টাইমসের সমীক্ষার অনুমান, ফলাফল বদলে দিতে পারে এমন সাতটি রাজ্যের মধ্যে পাঁচটিতে এগিয়ে ডেমোক্র্যাটরা। মিশিগান, টেক্সাস, কানসাস, ওহিও, আলাস্কা, আইওয়ায় ডেমোক্র্যাট প্রার্থীদের এগিয়ে থাকার ইঙ্গিত দিচ্ছে এই সমীক্ষা।
আমেরিকায় রাষ্ট্রপতির চার বছরের মেয়াদের মাঝে মিড টার্ম ভোট হয়। এই ভোট কিন্তু চার বছর অন্তরই হয়। তবে রাষ্ট্রপতির মেয়াদের মাঝামাঝি পর্বে হয় বলে ‘মিড টার্ম’। এই নির্বাচনে মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই প্রতিনিধি নির্বাচিত হয়। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস’র ৪৩৫ সদস্য এবং উচ্চকক্ষ সেনেটের এক তৃতীয়াংশ বা সংখ্যায় ৩৫ সদস্য নির্বাচিত করা হয়। আমেরিকার কংগ্রেস বা জাতীয় জনপ্রতিনিধি সভার এই নির্বাচন বস্তুত রাষ্ট্রপতির ওপর জনতার আস্থারও গুরুত্বপূর্ণ সূচক।
২০২২’র ‘মিড টার্ম’ বা মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি সেনেটে নিয়ন্ত্রণ ধরে রাখে। কিন্তু রিপাবলিকান পার্টি হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ গরিষ্ঠতা পায়। এবারের ভোটে ট্রাম্পের রিপাবলিকান পার্টির পক্ষে হাওয়া জোরালো নয় বলে অনুমান করেছে একাধিক সমীক্ষা।
মিড টার্ম ভোট আমেরিকার একেক রাজ্যে একেক সময়ে হবে। তবে ৩ নভেম্বরের মধ্যে ভোট নেওয়া সব জায়গাতেই শেষ হয়ে যাবে। প্রচার শেষ করে ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছেন, কংগ্রেসে গরিষ্ঠতা হারালে তিনি ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন। আমেরিকার রাষ্ট্রপতি জনপ্রতিনিধি সভায় পাশ বিল ‘ভেটো’ প্রয়োগ করে আটকে দিতে পারেন।
US Mid Term
হাওয়া বদলের ইঙ্গিত ‘মিড টার্ম’ ভোটে, ‘মিস্টার ভেটো’ হওয়ার হুমকি ট্রাম্পের
×
Comments :0