মহিলাকে গণধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিশ। ধৃতের নাম কৌশল কুমার ওরফে প্রদীপ। উত্তরপ্রদেশের শাজাহানপুর জেলার সিধাউলি থানার কিরাটপুরে তার বাড়ি। শুক্রবার হাওড়া স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামালপুর থানা এলাকায় ওই মহিলার শ্বশুরবাড়ি। বর্তমানে তিনি হুগলির দাদপুর থানা এলাকায় থাকেন। ২০১৬ সালের ১২ এপ্রিল তাঁর বিয়ে হয়। বিয়ের বছরখানেক পর তাঁর একটি ছেলে হয়। সন্তানের জন্মের পর মহিলার উপর অত্যাচার শুরু করে তাঁর স্বামী। তাঁকে মারধর করা হতো। তা সত্ত্বেও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি সব অত্যাচার মুখ বুজে সহ্য করতেন। দিনের পর দিন তাঁর উপর অত্যাচার বাড়তে থাকে। গত বছর তাঁকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি বাপেরবাড়িতে ফিরে যান। পরে তিনি দাদপুর থানা এলাকায় এক বাসিন্দার বাড়িতে আশ্রয় নেন। এবছরের ১৬ মে জামালপুর থানার বাঘকালাপাহাড় এলাকার কয়েকজন মহিলা বেড়াতে যাওয়ার কথা বলে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বেড়াতে নিয়ে গিয়ে মহিলাকে জোর করে কৌশল কুমারের হাতে তুলে দেওয়া হয়। কৌশল কুমার মহিলাকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকায় একটি ভাড়াবাড়িতে নিয়ে গিয়ে রাখে। ইচ্ছার বিরুদ্ধে মহিলাকে সে বিয়ে করে। এরপর কৌশল ও তার একাধিক বন্ধু মহিলাকে গণধর্ষণ করে। এভাবে ছ’মাস চলতে থাকে। পরে মহিলাকে হরিয়ানার পানিপথ এলাকায় একটি কারখানায় নিয়ে গিয়ে রাখা হয়। সেখানে ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন তাঁকে গণধর্ষণ করে কয়েকজন। তাঁর উপর নির্মম অত্যাচারের ফলে মহিলা মানসিকভাবে ভেঙে পড়েন। ১৯ জুন কৌশল কুমার মহিলাকে তাঁর বাপেরবাড়িতে রেখে পালিয়ে যায়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মহিলার চিকিৎসা হয়। চিকিৎসা করাতে গিয়ে জানতে পারেন, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এরপরই তিনি জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হাওড়া স্টেশন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে ১৪ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতকে সাতদিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। ধৃতের মেডিকেল পরীক্ষা করানোর জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। তা মঞ্জুর করে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বর্ধমান মেডিকেল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে নির্দেশ দিয়েছেন বিচারক।
Jamalpur Police
ইচ্ছার বিরুদ্ধে বিয়ে, মহিলাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার উত্তরপ্রদেশের বাসিন্দা
×
Comments :0