কলকাতার ১৪৪টি ওয়ার্ড ভেঙে হচ্ছে ২০৯টি ওয়ার্ড। শুক্রবার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের বিজ্ঞপ্তি জারি করলো রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। কলকাতা পৌর আইনের (১৯৮০) তফসিল-২ অনুযায়ী প্রস্তাবিত ওয়ার্ডগুলির সীমানা নির্ধারণ করে প্রাথমিক খসড়া প্রকাশিত হয়েছে। ওয়ার্ডের সীমানা বদল হতে পারে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ৫ অগাস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত এই খসড়া জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। এই সময়ের মধ্যে নাগরিকরা আপত্তি বা পরামর্শ জানাতে পারবেন। পৌরসভার প্রস্তাবিত প্রতিটি ওয়ার্ডের ভৌগোলিক সীমানা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রসঙ্গত, ২০৯ ওয়ার্ড হলে পুরোনো অনেক ওয়ার্ড ভেঙে যাবে বা অন্য কোনও ওয়ার্ডের অন্তর্গত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ অগাস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত কলকাতা পৌরসভার অফিস চলাকালীন সময়ে এই খসড়া সর্বসাধারণের পরিদর্শনের জন্য রাখা হবে। কোনও ব্যক্তি বা সংস্থা চাইলে এই সময়ের মধ্যে নিজেদের আপত্তি বা পরামর্শ লিখিতভাবে কলকাতা পৌরসভার মিউনিসিপ্যাল কমিশনারের কাছে জমা দিতে পারবেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এটি চূড়ান্ত তালিকা নয়। কলকাতা পৌর আইন, ১৯৮০-এর সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধন হওয়ার পরই চূড়ান্ত তফসিল প্রকাশ করা হবে। অর্থাৎ, আপত্তি ও পরামর্শ বিবেচনার পর প্রয়োজনীয় পরিবর্তন করে চূড়ান্ত ওয়ার্ড সীমানা নির্ধারণ করা হবে।
যেই খসড়া প্রকাশ করা হয়েছে তাতে কলকাতা পৌরসভার প্রতিটি ওয়ার্ডের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম সীমা রাস্তা, খাল, রেললাইন, নদী, গুরুত্বপূর্ণ মোড় এবং অন্যান্য ভৌগোলিক চিহ্নের মাধ্যমে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
Comments :0