Left Front Rally

বামফ্রন্টের প্রতিবাদ মিছিল শিলিগুড়িতে

জেলা

কোচবিহার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বামপন্থীদের কার্যালয়ের উপর বিজেপি আরএসএস’র হামলার প্রতিবাদে, মনীষীদের অবমাননার বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মিছিল হয়েছে শিলিগুড়িতে। শিলিগুড়ির সকল বামপন্থী দলসমূহের আহ্বানে শুক্রবার বিকেলে শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে থেকে প্রতিবাদী মিছিল শুরু হয়। মিছিল কোর্ট মোড়, হাসপাতাল মোড় হয়ে সোজা হিলকার্ট রোড ধরে সেবক মোড় পার করে এয়ারভিউ মোড়ে এসে শেষ হয়। মিছিলে পা মিলিয়েছেন প্রবীন সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্যও। ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সমন পাঠক, সিপিআই(এম)’র নুরুল ইসলাম, শরদিন্দু চক্রবর্তী, এসইউসিআই’র গৌতম ভট্টাচার্য, সিপিআই(এমএল)’র অভিজিৎ মজুমদার, বাসুদেব বাসু, আরএসপি’র বিকাশ সেন রায়, তাপস গোস্বামী, সিপিআই’র লক্ষ্মী মাহাতো, নিউ ডেমোক্রাসির পলান রায় প্রমুখ। 
জেলা বামফ্রন্টের আহ্বায়ক সমন পাঠক বলেন, ‘‘গোটা রাজ্য জুড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বামপন্থীদের অফিসগুলিতে ভাঙচুর চালাচ্ছে। মনীষীদের অবমাননা করছে। রাজ্যের শাসকদল দলদাস পুলিশকে সাথে নিয়ে এই আক্রমণ চালাচ্ছে। এই সময়ে রাজ্যের নতুন শাসকদল শুধু বামপন্থীদের উপরেই নয়, গণতন্ত্রের ওপর, গনতন্ত্রপ্রিয় মানুষদের ওপরেও আক্রমণ নামিয়ে এনেছে। গণতন্ত্র রক্ষার্থে সংবিধানের পক্ষে বিজেপি সরকারের এই আক্রমণের বিরুদ্ধে সমস্ত বামপন্থী দলসমূহ রাস্তার আন্দোলনে রয়েছে। স্বৈরাচারী বিজেপি সরকার রাজ্যের রাজনৈতিক ঐতিহ্য শান্তি সম্প্রীতির সংষ্কৃতি বিনষ্ট করে নতুন অপসংষ্কৃতি কায়েম করতে চাইছে। তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিনের মিছিলে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

Comments :0

Login to leave a comment