Leopard

ডুয়ার্সের চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

জেলা

অবশেষে স্বস্তি ফিরল ডুয়ার্সের গয়েরকাটা চা বাগান এলাকায়। দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বুধবার রাতে পাতা ফাঁদে চিতাবাঘটি ধরা পড়ে। বৃহস্পতিবার সকালে খবর চাউর হতেই চা বাগান এলাকায় চাঞ্চল্য ও ভিড় জমে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে গয়েরকাটা চা বাগানের ১০ নম্বর সেকশন ও পাম্প হাউস সংলগ্ন এলাকায় চিতাবাঘের অবাধ বিচরণ লক্ষ্য করা যাচ্ছিল। মাঝে মধ্যেই এলাকার বাসিন্দাদের গৃহপালিত পশু ছাগল ও গরু নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। যার জেরে চরম আতঙ্কে দিন কাটাচ্ছিলেন বাগানের শ্রমিক ও তাঁদের পরিবারগুলি।
শ্রমিকদের সুরক্ষার কথা মাথায় রেখে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের থেকে পাম্প হাউসের কাছে ছাগলের টোপ দিয়ে একটি খাঁচা পাতা হয়েছিল।সেই ফাঁদেই চিতাবাঘটি শেষ পর্যন্ত ধরা পড়ে।
বৃহস্পতিবার সকালে শ্রমিকরা খাঁচার ভেতর থেকে চিতাবাঘের গর্জন শুনতে পান।তাঁরা খাঁচার সামনে গিয়ে চিতাবাঘটি দেখতে পায়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমায়।উপচে পড়া সেই ভিড় সামলাতে বনকর্মীদের রীতিমতো হিমশিম খেতে হয়।
বনদফতর সূত্রে জানা গিয়েছে,খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চিতাবাঘ আটকের খবরে গয়েরকাটা চা বাগান এলাকার সাধারণ মানুষ ও শ্রমিকরা আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

Comments :0

Login to leave a comment