মোবাইল রিচার্জের জন্য দপ্তর দেয় মাত্র ১৬৫ টাকা! ওই টাকায় রিচার্জ হবে কি করে? রিচার্জের পুরো টাকার দাবিতে মঙ্গলবার স্মারকলিপি দিয়ে বিক্ষোভ দেখালেন মাথাভাঙা-১ ব্লকের আইসিডিএস কর্মীরা। একাধিক দাবি-দাওয়া এবং রিচার্জের পুরো টাকার দাবিতে মঙ্গলবার মাথাভাঙা-১ আইসিডিএস প্রকল্পের প্রায় ৩৪৩ জন আইসিডিএস কর্মী সিডিপিও দপ্তরে বিক্ষোভ দেখান। পরে তাঁরা সিডিপিও’র কাছে স্মারকলিপি জমা দেন।
কর্মীদের বক্তব্য, সরকারের দেওয়া ১০ হাজার টাকার আর্থিক সহায়তায় তাঁরা মোবাইল ফোন কিনেছেন। ওই মোবাইল ফোনেই অফিসের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক সমস্ত কাজকর্ম পরিচালনা করেন। তাঁদের বক্তব্য, মাসিক ৯ হাজার টাকা সাম্মানিক। এই টাকায় আলাদা করে রিচার্জের সামর্থ্য নেই। এদিন স্মারকলিপি জমা দেওয়ার সময় সিডিপিও অফিস ছেড়ে চলে যেতে চাইলে কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এবং তাঁদের দাবি শোনার আবেদন জানান। বিক্ষোভকারীদের দাবি অফিসের কাজের জন্য পৃথক সিম কার্ড ও মোবাইল ফোন দিতে হবে।
মোবাইল রিচার্জের সম্পূর্ণ ব্যয় সরকার বা দপ্তরকে বহন করতে হবে। মাসিক সাম্মানিক নিয়মিত ও সময়মত দিতে হবে। কমিউনিটি সেন্টারে শিশুদের জন্য ডিম, ডাল, সবজি, চাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী ক্রয় ও রান্নার খরচের বিল দ্রুত মেটাতে হবে। নতুন অ্যাপ চালুর আগে কর্মীদের মতামত ও বাস্তব সমস্যাগুলি বিবেচনা করতে হবে। বিক্ষোভকারী কর্মীরা জানান, তাঁদের দীর্ঘদিনের একাধিক দাবি এখনও পূরণ হয়নি। মাথাভাঙা-১ প্রকল্পের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিডিপিও জয়ব্রত কুণ্ডুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ওনাদের দাবিদাওয়া থাকতেই পারে। তাঁরা সেই দাবিগুলি লিখিতভাবে আমাকে জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।’’
কর্মীদের অভিযোগ ছিল, এর আগেও একাধিকবার আলোচনা করার জন্য তাঁরা সিডিপিও’র কাছে সময় চেয়েছিলেন, কিন্তু তিনি সময় দেননি। তাঁরা একাধিকবার আলোচনার জন্য সময় চাইলেও তা মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য সিডিপিও দপ্তর চত্বরে উত্তেজনার সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কর্মীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।
Mathabhanga
মাথাভাঙ্গায় আইসিডিএস কর্মীদের বিক্ষোভ , স্মারকলিপি
×
Comments :0