Md Salim at Parnashree Book Stall

আজ কাউকে লিখতে হবে ‘রাম ভক্তদের সুমতি’! বুক স্টল উদ্বোধনে মন্তব্য সেলিমের

রাজ্য কলকাতা

বেহালা পর্ণশ্রী বুক স্টলে মহম্মদ সেলিম, সুদীপ সেনগুপ্ত।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন ‘রামের সুমতি’। আজকের বাংলায় শরৎচন্দ্রের মতো কাউকে প্রয়োজন যিনি লিখবেন ‘রাম ভক্তদের সুমতি’। বেহালার পর্ণশ্রীতে বুক স্টল উদ্বোধনে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। (আরও দেখুন: LIVE: বেহালায় বুক স্টল উদ্বোধনে মহম্মদ সেলিম)
শনিবার বেহালা পর্ণশ্রী সিপিআই(এম) ১৩১ নম্বর ওয়ার্ড এরিয়া কমিটির অন্তর্গত ১৩১/১, ৩, ৪, ৭ শাখার যৌথ উদ্যোগে প্রতি বছরের মতো মার্কসীয় ও প্রগতিশীল বুক স্টল উদ্বোধন করেন মহম্মদ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত, কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর কৌস্তভ চ্যাটার্জি, জেলা কমিটির সদস্য গৌতম রায়, অরূপ মন্ডল সহ নেতৃবৃন্দ।  ৫৪ তম বছরে পড়ল এই বুক স্টল। 
এদিন বেহালা রবীন্দ্র নগর ছাত্র যুবদের বুক স্টলে যান সেলিম। ১২৬ ওয়ার্ডে নাটোরের মোড়ে একটি বই বিপণীতেও গেছেন তিনি।
পর্ণশ্রীতে সেলিম বলেছেন, "আলোর উৎসব চলছে। আর এই উৎসবের সময় জ্ঞানের আলো ছড়ানোর জন্য আমরা বুক স্টল করি। যারা জ্ঞান চর্চার বিরোধী হয়, শিক্ষা বিরোধী হয় তারা কখনোই বইয়ের প্রকাশ প্রচার প্রসার চায় না। চলতি বছর বুক স্টল করতে গিয়ে অনেক ঝঞ্ঝা ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। আমাদের দোকান জোর করে বন্ধ করে দিচ্ছে। পুলিশ আসছে বইয়ের স্টল বন্ধ করতে। অথচ সাট্টার ঠেক বন্ধকরতে পুলিশ যায় না।’’ 
গত শুক্রবারই সেলিম যান রাজ্য মানবাধিকার কমিশনের শুনানিতে। সেই প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘‘রাজ্যের মানবাধিকার কমিশনার রাজ্যের মুখ্য সচিব, পুলিশ কমিশনার ও জেলার এসপিদের কাছে রিপোর্ট তলব করেছেন। জানতে চেয়েছেন কেন বইয়ের স্টল ভাঙা হয়েছে।’’ সেলিম বলেছেন, "বুক স্টল ভাঙ্গা আইনবিরোধী কাজ। সংবিধান বিরোধী কাজ মৌলিক অধিকার বিরোধী কাজ।" আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই সমস্ত সরকারি আধিকারিকদের জানাতে হবে কার আদেশে, কেন, কোন আইনে বইয়ের স্টল ভাঙা হয়েছে।’’ 
সেলিম বলেছেন, ‘‘আমি দেখছিলাম এই বুক স্টলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রামের সুমতি’ আছে। আমরা চাইবো নতুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাংলায় জন্ম নিক। এবং ‘রামের সুমতি’-র মতো ‘রাম ভক্তদের সুমতি’ হোক সে রকম একটি বই লিখুন, যাতে এদের সুমতি হয়।"

Comments :0

Login to leave a comment