Kumlai River

সঙ্কটের মুখে ঐতিহ্যবাহী কুমলাই নদীর অস্তিত্ব, ক্ষোভ ধূপগুড়িতে

জেলা

কৌশিক দাম: ধূপগুড়ি

শহরের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী কুমলাই নদীর অস্তিত্ব সংকটের মুখে। প্রশাসনিক উদাসীনতা, নজরদারির অভাব এবং এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর বেপরোয়া দৌরাত্ম্যে নদীটি কার্যত স্থায়ী ‘ডাম্পিং গ্রাউন্ডে’ পরিণত হয়েছে। মাছ বাজারের পচাগলা বর্জ্য ও থার্মোকলের বাক্সে নদীখাত ভরে গিয়ে স্বাভাবিক জলপ্রবাহ রুদ্ধ হয়ে পড়েছে। শুধু নদীগর্ভ নয়, সংলগ্ন রাস্তার ওপরেও জমে উঠেছে আবর্জনার স্তূপ, যার জেরে সাধারণ মানুষের যাতায়াতের পথ পর্যন্ত অবরুদ্ধ। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ক্ষোভের সঙ্গে জানালেন, ‘‘বাজারের একাংশ অসাধু ব্যবসায়ীর নিয়মিত বর্জ্য ফেলার ফলেই গোটা এলাকা আজ দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের শিকার। দিনের পর দিন জমে থাকা পচা আবর্জনার উৎকট গন্ধে এলাকাবাসীর শ্বাস নেওয়াই দায় হয়ে উঠেছে। এর সরাসরি প্রভাব স্থানীয় ব্যবসা - বাণিজ্যেও পড়েছে।’’
দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে দোকানে ক্রেতা আসা কমে যাওয়ায় ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হওয়ায় ধূপগুড়িতে সাধারণ মানুষের ক্ষোভ এখন চরমে।
পরিস্থিতি এতটাই সঙ্কটজনক যে, সম্প্রতি এক ব্যবসায়ী নিজ উদ্যোগে ওই এলাকায় আবর্জনা না ফেলার আর্জি জানিয়ে সতর্কবার্তার পোস্টার টাঙান। কিন্তু প্রশাসনিক শাসন বা শাস্তির ভয় না থাকায় তাতেও কোনো হুঁশ ফেরেনি। দিনের আলোয় কিংবা রাতের অন্ধকারে ওই সতর্কবার্তা পোস্টারের নিচেই নির্বিঘ্নে থার্মোকলের বাক্স ও পচা বর্জ্য ফেলা চলছে। স্থানীয় ব্যবসায়ী সুদীপ্ত মণ্ডলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, ‘‘দীর্ঘদিন ধরে এই জঞ্জাল আর দুর্গন্ধের মধ্যে ব্যবসা চালাতে বাধ্য হচ্ছি। নোংরা পরিবেশের জন্য ক্রেতারা আসতে চাইছেন না। নিজের উদ্যোগে পোস্টার লাগিয়েও কাজ হয়নি। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ করে জঞ্জাল সাফাই ও কড়া নজরদারি চালু করা জরুরি।’’


নদী ও শহরের এই বেহাল দশার জন্য শাসক ও প্রশাসনের গাফিলতিকেই কাঠগড়ায় তুলেছেন সিপিআই(এম) ধূপগুড়ি এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার। তাঁর অভিযোগ, ‘‘কুমলাই নদী ও সংলগ্ন এলাকাকে এভাবে ভাগাড়ে পরিণত করা প্রশাসনের চরম ব্যর্থতার নগ্ন ছবি। একাধিক আন্দোলন ও ডেপুটেশনের পরেও কোনো স্থায়ী সমাধান হয়নি। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য ভেঙে দ্রুত নদী সংস্কার ও সাফাইয়ের কাজ শুরু করতে হবে।’’
স্থানীয় বাসিন্দা কৃষ্ণ দাসের প্রশ্ন, ‘‘শহরের প্রাণকেন্দ্রে এভাবে একটি নদীকে গলা টিপে মারা হচ্ছে, রাস্তা আটকে বর্জ্য ফেলা হচ্ছে, অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় কেন? দুর্গন্ধে টেকা যাচ্ছে না, জমে থাকা বর্জ্য ও দূষিত জল থেকে মহামারী বা রোগ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।দ্রুত বর্জ্য সাফাই করতে হবে।’’ 
পরিবেশপ্রেমী দীপ চৌধুরী আশঙ্কা করে বললেন, ‘‘কুমলাই নদী শহরের পরিবেশ ও বাস্তুতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এভাবে বর্জ্য ফেলা চলতে থাকলে নদীটি চিরতরে ধ্বংস হয়ে যাবে এবং জনস্বাস্থ্যের বড় ক্ষতি হবে। দ্রুত সাফাইয়ের পাশাপাশি কড়া জরিমানা ও স্থায়ী নজরদারি না চালালে নদীকে বাঁচানো অসম্ভব।’’
প্রশ্ন উঠছে, এলাকাবাসীর এই তীব্র ক্ষোভ ও দুর্ভোগের পরেও কুমলাই নদীকে বাঁচাতে এবং ধূপগুড়িকে জঞ্জালমুক্ত করতে প্রশাসন কবে ঘুম ভাঙবে, নাকি অসাধু চক্রের দৌরাত্ম্যে এভাবেই ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হবে ঐতিহ্যবাহী নদীটিকে?

Comments :0

Login to leave a comment