চোপড়ায় ডেপুটেশনে জনসমুদ্র, উজ্জীবিত সারা ভারত কৃষকসভা ও সিআইটিইউ কর্মীরা। বিভিন্ন জনস্বার্থের দাবি তুলে বুধবার চোপড়া বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর থেকেই ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থক, কৃষক, শ্রমিক, মহিলা ও প্রতিবন্ধী মানুষ মিছিল করে বিডিও অফিস চত্বরে জড়ো হন। লাল পতাকায় মুখরিত হয় গোটা এলাকা। পরে এক প্রতিনিধি দল বিডিও’র কাছে ২০ দফা দাবি-সংবলিত স্মারকলিপি জমা দেয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন সিপিআই(এম) উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন কার্তিক শীল, বিদ্যুৎ তরফদার, মোকলেশ্বর রহমান, দবিরুল ইসলাম, স্বপন গুহ নিয়োগী সহ অন্যান্য নেতৃত্ব।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, ট্রাইব্যুনালে বিবেচনাধীন ও বাদ পড়া বহু বৈধ ভোটারের নাম এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। দ্রুত শুনানির মাধ্যমে তাঁদের নাম নথিভুক্ত করার দাবি জানানো হয়। পাশাপাশি চোপড়া ব্লকের বাসিন্দাদের ভোটার-সংক্রান্ত শুনানি চোপড়া ব্লকেই করার দাবিও তোলা হয়। এছাড়াও বক্তারা বলেন, আবাস যোজনার সমীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে। প্রকৃত গরিবদের বঞ্চিত করে টাকা নিয়ে সমীক্ষা করার অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং স্বচ্ছতার সঙ্গে আবাস যোজনার ঘর বরাদ্দের দাবি জানানো হয়। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে সমস্ত মহিলাকে অন্তর্ভুক্ত করা, অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী সহ পার্শ্ব শিক্ষকদের বাদ না দেওয়া, আয়ুষ্মান ভারতের আওতায় গরিব ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারকে অন্তর্ভুক্ত করার দাবিও ওঠে। কৃষি ও শ্রমিকদের বিভিন্ন সমস্যার প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, নতুন জব কার্ড প্রদান, কর্মসংস্থান প্রকল্প নিয়মিত চালু করা, বন্ধ চা-বাগান খোলার দাবি, চা-শ্রমিকদের পিএফ ও মজুরি বৃদ্ধি এবং কাঁচা চা পাতার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। এছাড়া নকল সার ও কীটনাশকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, গ্রামীণ হাটে পশু কেনাবেচা স্বাভাবিক করা, নদী-খাল থেকে অবৈধভাবে বালি, পাথর ও মাটি তোলা বন্ধ সহ বিভিন্ন দাবি স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
ডেপুটেশন শেষে নেতৃত্বের বক্তব্য, মানুষের ন্যায্য দাবিগুলি দ্রুত বাস্তবায়িত না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবে দল।
Chopra
বৈধ ভোটারদের নাম তালিকাভুক্ত সহ বিভিন্ন দাবিতে চোপড়ায় বিডিওকে স্মারকলিপি
×
Comments :0